ঝুমাকে ছুরিকাঘাতের দায় স্বীকার বাহারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে শিক্ষার্থী ঝুমা বেগমকে ছুরিকাঘাতের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বখাটে বাহার উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জের বিচারিক হাকিম আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি রেকর্ড করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল আমিন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, আজ সকাল আটটার দিকে জকিগঞ্জের মির্জাচক হাওর থেকে বাহারকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে জকিগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বাহারের স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বীকারোক্তির পরপরই ঝুমাকে ছুরিকাঘাত করার সময় তাঁর শরীরে ছিটকে পড়া রক্তমাখা জামা ও ছুরি উদ্ধার করে পুলিশ। এগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজ সকালে জকিগঞ্জের সুলতানপুর ইউপির মির্জাচক হাওরপারের একটি বাড়িতে আত্মগোপন অবস্থায় পুলিশ বাহারকে গ্রেপ্তার করে। গত রোববার বিকেলে ঝুমাকে ছুরিকাঘাতের পরই তিনি নির্জন ওই হাওর এলাকায় আত্মগোপন করেছিলেন। ধরা পড়ার পর বাহার পুলিশকে জানান যে ঝুমার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আদালতে দেওয়া জবানবন্দিতে বাহার এসব বিষয় জানিয়ে ঝুমাকে ছুরিকাঘাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

গত রোববার বিকেলে কালীগঞ্জ বাজারের কাছে বাহারের হাতে ছুরিকাহত হন ঝুমা। ছুরিকাঘাতের ঘটনায় গত সোমবার ঝুমার পরিবার জকিগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলার আগে বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে আটক করে পুলিশ।

ঝুমা বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা মুসলিম আলী পেশায় একজন ভ্যানচালক। ঝুমা এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরিকাঘাতে ঝুমার বাঁ হাত ও পেটের একাংশ জখম হয়েছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

ঝুমার অভিযোগ, তাঁদের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। একই গ্রামের বাহার (২৪) প্রায় দেড় বছর ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে একাধিক সালিসও হয়েছে। গত রোববার ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে তাঁর মা করিমা বেগমও ছিলেন। কালীগঞ্জ বাজারের রাস্তায় হঠাৎ তাঁদের পথ আটকে তাঁকে বিয়ের প্রস্তাব দেন বাহার। প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাহার তাঁর হাতে থাকা ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় করিমা বেগমও মারধরের শিকার হন।