ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে মোহাম্মদ জাফর (৩২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে হাটহাজারী উপজেলার পূর্ব ধলই গ্রামের শাহজাহান শাহ মাজারের অদূরে একটি বেইলি সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাটহাজারী থানার পুলিশ।
জাফর ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে জানান, সেতুর রেলিংয়ের সঙ্গে লাশটি ঝুলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলায় রশি পেঁচিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় জাফরের চাচাতো ভাই মাসুম আলম বাদী হয়ে হাটহাজারী থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
ঘটনাস্থল থেকে জাফরের মা লায়লা বেগমের উদ্ধৃতি দিয়ে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মনজুর আহমেদ জানান, বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল নিহত জাফরের জন্য। কিন্তু টাকাপয়সা নিয়ে কয়েক দিন ধরে তাঁর মন খারাপ ছিল। হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন তিনি।