ঝুলন্ত স্কুলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনে বিলীন হতে হতেও কোনো রকমে টিকে আছে পাবনার বেড়া উপজেলার চরপেঁচাকোলা গ্রামের দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ের দ্বিতল ভবনের পূর্ব দিকের কিছু অংশ যমুনায় বিলীন হয়ে যাওয়ায় মনে হয় বিদ্যালয়টি নদীর ওপর ঝুলছে। যেকোনো সময় ভবনটি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা থাকলেও ঝুঁকিপূর্ণ ওই ভবনেই চলছে পাঠদান। উপজেলার যমুনাপাড়ে অবস্থিত চরপেঁচাকোলা গ্রামে নদীভাঙন দেখা দেয় মাস ছয়েক আগে। এই সময়ের মধ্যে গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরবাড়িসহ গ্রামের প্রায় অর্ধেকটাই বিলীন হয়ে যায়। বর্তমানে ভাঙন কিছুটা কম হলেও তা একেবারে থেমে নেই।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৬ সালে ৪০ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয়। এ ভবনে বন্যার্তদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও রয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনজুড়ে দেখা দিয়েছে বিপজ্জনক ফাটল। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবদুল্লাহ ও রবিউল বলে, ‘ইশকুলে কিলাস করার সময় ভয় করে। এই জন্নে ইশকুলে যাব্যার ইচ্ছা করে না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন জানান, মারাত্মক ঝুঁকি সত্ত্বেও আর কোনো বিকল্প না থাকায় এই ভবনেই পাঠদান চালাতে হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত কাটে আতঙ্কে। ভবন ধসে পড়ার আশঙ্কায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।পাউবো বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুন নেছা বলেন, ‘আমাদের প্রকৌশলীরা কয়েকবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। কিন্তু এলাকাটি সিরাজগঞ্জ পাউবোর অধীনে হওয়ায় ভাঙন রোধে সেখানে আমরা কাজ করতে পারছি না।’