ঝুলে আছে তিনটি স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে হাসপাতাল হবে শুনে আনন্দিত হয়েছিলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বাসিন্দারা। কিন্তু তাদের আনন্দ হতাশায় পরিণত হয়। নির্মাণকাজ শুরুর পাঁচ বছর পরও শেষ হয়নি হাসপাতালটির নির্মাণকাজ। ঠিকাদাির প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখে সবকিছু
গুটিয়ে প্রকল্প এলাকা থেকে চলে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু নবীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রই নয়, একই অবস্থা বিরাজ করছে জেলার বেগমগঞ্জের কাদিরপুর ও হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ক্ষেত্রেও। ওই দুটি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজও ঝুলে আছে প্রায় চার বছর ধরে।
সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই তিনটি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মহাজোট সরকারের আমলে দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ দেওয়া হয়৷ ঠিকাদাির প্রতিষ্ঠান ঢাকার মেসার্স জাফর ওভারিসজ স্বাস্থ্যকেন্দ্র তিনটির কাজ পায়৷
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনটি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণের ব্যয় ধরা হয়েছিল দুই কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮৫৬ দশমিক ৫২ টাকা। ঠিকাদাির প্রতিষ্ঠান নবীপুর স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু করে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর; বুড়িরচরে ২১ ডিসেম্বর এবং কাদিরপুরে ২০১০ সালের ২৪ জানুয়ারি। এর মধ্যে নবীপুর স্বাস্থ্য কেন্দ্রের ৫৭ ভাগ, কাদিরপুরে ৫০ ভাগ এবং বুড়িরচরে মাত্র ২০ ভাগ কাজ করে প্রতিষ্ঠানটি। উদ্ভূত পরিস্থিতিতে ২০১২ সালের ২৪ জুলাই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কার্যাদেশ বাতিল করেন। এতে স্বাস্থ্যকেন্দ্র তিনটির নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর ঠিকাদাির প্রতিষ্ঠানটির বিরুদ্ধে
আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, গ্রামে হাসপাতাল হবে শুনে স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষজনের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ না করে চলে যাওয়ায় সবাই হতাশ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. সেকান্দর আলী বলেন, অবশিষ্ট কাজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। শিগগিরই নতুন করে দরপত্র আহ্বান করা হবে।