ঝুলে আছে পঞ্চগড় বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন্দলের কারণে সম্মেলনের প্রায় এক বছরেও পঞ্চগড় জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন পায়নি। এতে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। গত বছরের ৩০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. মোজাহার হোসেনকে সভাপতি, নাজমুল হককে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে ১৫১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার তাঁর পছন্দের ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজাহার হোসেনের বিরোধী নেতাদের কমিটিতে রাখায় মোজাহার পক্ষের নেতা-কর্মীরা এই কমিটি মেনে নিতে পারেননি। তাঁদের অভিযোগ, ৩০ নভেম্বরের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে নাজমুল হকের নাম ঘোষণা করা হয় জমির উদ্দিন সরকারের চাপে। দলীয় সূত্রে জানা গেছে, জমির উদ্দিন সরকার ও তাঁর ঘনিষ্ঠ এম এ মজিদ তাঁদের পছন্দের নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা শুরু করলে মো. মোজাহার হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। গত ১৩ ডিসেম্বর এই কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া হয়। কিন্তু মোজাহার হোসেনের আপত্তির কারণে কমিটি অনুমোদন পায়নি। এ নিয়ে কেন্দ্রীয় নেতারা কয়েক দফায় জেলার নেতাদের সঙ্গে বৈঠক করার পরও কোনো সুরাহা হয়নি। প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক এম এ মজিদ বলেন, সবার সঙ্গে আলোচনা করে জমির উদ্দিন সরকার কমিটি গঠন করেছেন। তিনি দাবি করেন, দু-একদিনের মধ্যে জেলা কমিটির অনুমোদন হবে।নাজমুল হক বলেন, কমিটিতে কয়েকজনের নাম রাখা না-রাখাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। সমঝোতার মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি হয়ে গেছে। জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেন বলেন, নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিকভাবে জেলা কমিটি গঠন হওয়ার কথা। এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই এই কমিটি নিয়ে আপত্তি উঠেছে। এ বিষয়ে জমির উদ্দিন সরকারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।