ঝুলে আছে বাঁকখালী নদীবন্দরের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছর ধরে ঝুলে আছে সরকারঘোষিত কক্সবাজার শহরের বাঁকখালী চ্যানেলের নদীবন্দরের কার্যক্রম। ২০১০ সালের ৬ ফেরুয়ারি শহরের কস্তুরাঘাট থেকে মহেশখালীর মুদিরছড়া পর্যন্ত প্রায় ৭২১ একর এলাকাকে নদীবন্দর ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত ওই খাসজমি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়নি। ফলে নদীবন্দরের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বাঅনৌপক) চট্টগ্রাম বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক গোলাম সরওয়ার বলেন, নদীর প্রায় ৭২১ একর সরকারি খাসজমির সেলামি নির্ধারণ এবং মহেশখালীর আদিনাথ ও গোরকঘাটা জেটি দুটি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করতে ২০১২ সালের ৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। এরপর আরও কয়েকবার তাগাদা চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত চিঠির জবাব পাওয়া যায়নি। সরকার নদীবন্দর ঘোষণার পর যাত্রীদের ওঠানো-নামানোর সুবিধার্থে দুই বছর আগে মহেশখালী জেটিতে একটি কাঠের জেটি নির্মাণ করেছে। নদীবন্দর ঘিরে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
গতকাল শুক্রবার সকাল নয়টায় শহরের কস্তুরাঘাটে গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত কর্মচারীরা যাত্রীদের মাথাপিছু ১০ টাকা করে চাঁদা আদায় করছেন। তারপর যাত্রীরা স্পিডবোট ও লঞ্চে উঠে মহেশখালী, ধলঘাটা, সোনাদিয়া, মাতারবাড়ি, কুতুবদিয়া, চৌফলদন্ডিসহ বিভিন্ন উপকূলে যাচ্ছেন। চাঁদার বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছে না।
মহেশখালীর তাজিয়াকাটা গ্রামের নবী হোসেন (৪৫) জানান, গ্রামের মুদি দোকানের মালামাল কিনতে দুই দিন পর পর কক্সবাজার শহরে আসতে হয়। কিন্তু নৌঘাট পারাপারে অতিরিক্ত চাঁদা দিতে হচ্ছে। মালামালের বিপরীতেও অধিক টাকা চাঁদা দিতে হয়।
মহেশখালী স্পিড বোট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু হলে নৌঘাট পারাপারে যাত্রীদের মাথাপিছু ১০ টাকার পরিবর্তে দুই টাকা দিতে হতো। পাশাপাশি যাত্রীসেবার নানা উন্নয়ন হতো। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন জেটি দুটি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করছে না। বন্দরের জন্য নির্ধারিত জমিও হস্তান্তর করা হচ্ছে না। এ কারণে যাত্রী হয়রানি ও দুর্ভোগ বাড়ছে। প্রতিদিন এই নৌপথ দিয়ে অন্তত পাঁচ হাজার মানুষ পারাপার হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, জেটি ঘাটের ইজারা নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় খাস কালেকশন চলছে। মামলার সুরাহা না হওয়ায় নদীবন্দরের জমিও বরাদ্দ সম্ভব হচ্ছে না।