ঝুলে আছে বিচার, হুমকিতে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেড সরেন
আলফ্রেড সরেন

নওগাঁর ভীমপুরের আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি তাঁর পরিবার। উল্টো তাদের হুমকিতে আদিবাসীসহ কয়েকটি পরিবার গ্রামছাড়া হয়েছে।
আলফ্রেড সরেনের পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, ২০০০ সালের ১৮ আগস্ট ভীমপুর আদিবাসী পল্লিতে প্রকাশ্য দিবালোকে বলিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাতেম আলী ও শীতেষ ভট্টাচার্য গদাইয়ের ভাড়াটে লাঠিয়াল বাহিনী আলফ্রেড সরেনকে কুপিয়ে হত্যা করে।
হত্যা মামলার বাদী সরেনের ছোট বোন রেবেকা সরেনসহ আদিবাসী নেতা ও স্থানীয় লোকজন জানান, ভূমি দখলকারীরা ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে আলফ্রেড সরেনকে হত্যা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। দুর্বৃত্তরা বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগায়। চলে লুটপাট। তারা এক শিশুকেও মারধর করে পুকুরে ছুড়ে ফেলে। ঘটনার পর বিক্ষোভে ফুঁসে ওঠে উত্তরাঞ্চলের আদিবাসীরা। কিন্তু ১৪ বছর পার হলেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।
রেবেকা সরেন বলেন, ‘সম্প্রতি উচ্চ আদালতে খোঁজ নিতে গিয়ে জানতে পারি, মামলার নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলার পরিণতি নিয়ে আমরা চরম হতাশায় ভুগছি। ১৪ বছর ধরে দাদার হত্যকাণ্ডের বিচার চেয়ে আসছি। কিন্তু বিচার হয়তো আমরা পাব না। হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের হুমকিতে আহত আদিবাসীসহ কয়েকটি পরিবার গ্রামছাড়া হয়েছে।’
বাদীপক্ষের আইনজীবী মহসিন রেজা প্রথম আলোকে বলেন, ঘটনার পর নওগাঁর মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন রেবেকা সরেন। জননিরাপত্তা আইনে শীতেষ ভট্টাচার্য ওরফে গদাই, হাতেম আলীসহ ৯০ জন আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন আলফ্রেড সরেনের ছোট ভাই কমল সরেন। মহাদেবপুর থানার পুলিশ দুটি মামলার একটির অভিযোগপত্র দাখিল করেছে। আসামিপক্ষ জননিরাপত্তা আইন সংবিধানবিরোধী উল্লেখ করে উচ্চ আদালতে রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০১ সালে জননিরাপত্তা আইন বাতিল হয়ে গেলে রিট আবেদন খারিজ হয়ে যায়। এরপর ২০০২ ও ২০০৩ সালে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে আসামিপক্ষ খারিজের বিপক্ষে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ খারিজ যথাযথ হয়নি উল্লেখ করে আবারও শুনানির আদেশ দেন। বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।