ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোথায় কী ধরনের বিলবোর্ড স্থাপন করা যাবে, সে সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ ঝুলে আছে। নীতিমালার একটি খসড়া তৈরি হলেও কবে সেটি চূড়ান্ত হবে তা ঠিক হয়নি।
এদিকে বিলবোর্ড ব্যবসায়ীরা দ্রুত এই নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, বৈধ-অবৈধ সব বিলবোর্ড উচ্ছেদ করে সিটি করপোরেশন বিলবোর্ড ব্যবসাকে ধ্বংস করে দিয়েছে।
বিলবোর্ড নীতিমালা প্রণয়ন বিষয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিলবোর্ড ব্যবসার সঙ্গে অনেক লোক জড়িত ছিলেন, এটা ঠিক। তবে বৃহত্তর স্বার্থে কিছু ত্যাগ করতে হয়। বিলবোর্ড নীতিমালার খসড়া হয়েছে। খুব শিগগিরই নীতিমালা চূড়ান্ত করা হবে।
গত বছরের মে মাসে ঢাকার দুই মেয়র দায়িত্ব নেওয়ার পরপরই রাজধানী থেকে বিলবোর্ড সরানোর সিদ্ধান্ত নেন। বিলবোর্ড ব্যবসায়ীদের প্রতিবছর সিটি করপোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হতো। ২০১৫ সালের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার পর ঢাকার দুই সিটি করপোরেশন বিলবোর্ডের মেয়াদ আর নবায়ন করেনি। ফলে রাজধানীর সব বিলবোর্ডই আইনত অবৈধ হয়ে যায়।
এসব বিলবোর্ডের মধ্যে ইউনিপোল (এক খাম্বার ওপর নির্মিত) বিলবোর্ড যেমন ছিল, তেমনি ছিল বাসাবাড়ির ছাদে কয়েকটি খাম্বার সমন্বয়ে স্থাপন করা বিলবোর্ডও। ডিএনসিসির হিসাবে বৈধ বিলবোর্ডের সংখ্যা ছিল ১ হাজার ৯১১। বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন হলেও বৈধ-অবৈধ বিলবোর্ডের পরিসংখ্যান তাদের কাছে ছিল না। হাজারো অবৈধ বিলবোর্ডের ভিড়ে বৈধ বিলবোর্ড কোনগুলো, সেটা নির্ধারণ করাই ছিল কঠিন।
২০১৫ সালের ১ জুলাই উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় ওই বছরের ৩১ জুলাইয়ের মধ্যে সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ব্যবসায়ীরা ওই সময়ের মধ্যে বিলবোর্ড সরানোর কোনো উদ্যোগ নেননি।
গত বছরের ৪ অক্টোবর আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন স্ব-উদ্যোগে বিলবোর্ড অপসারণের বিষয়ে মেয়র বরাবর একটি চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড ও ইউনিপোল অপসারণ করেছেন। কিন্তু সিটি করপোরেশন গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সব বিলবোর্ড অপসারণ করে।
আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদ প্রথম আলোকে বলেন, প্রথমে বৈধ বিলবোর্ডগুলো নবায়ন করা হলো না। তারপর এককথায় সব বিলবোর্ড কেটে ফেলা হলো। এই ব্যবসার সঙ্গে বহু মানুষ জড়িত, সবাই পথে বসে গেছে। সিটি করপোরেশন ব্যবসাটাকে ধ্বংস করে দিয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, রাজধানীর কোন রাস্তায়, কী ধরনের, কতটি বিলবোর্ড স্থাপন করা যাবে—সে বিষয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালা ও পরিকল্পনা তৈরির লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পরিবেশবিদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি, বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে গত বছর একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশে একটি খসড়া নীতিমালাও করা হয়েছে। কিন্তু এরপরে আর কাজ এগোচ্ছে না।
ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বে থাকা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিলবোর্ড সরানো নিয়ে অনেক সমস্যা হয়েছে। অর্ধশতাধিক বাড়ির মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা করতে হয়েছিল। বিলবোর্ড নীতিমালা তৈরির কাজ খসড়া প্রণয়ণের পর্যায়েই আটকে আছে। কবে নাগাদ খসড়াটি চূড়ান্ত হবে, তা বলা যাচ্ছে না।