ঝুলে আছে বিসিক শিল্প নগর স্থাপনের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছরেও নড়াইলে বিসিক শিল্পনগর গড়ে ওঠেনি। ১৯৯০ সালের জুন মাসে শিল্পনগরের জন্য জায়গা নির্ধারণ চূড়ান্ত করা হলেও শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। পাশাপাশি স্থান নির্ধারণ নিয়েও জটিলতার সৃষ্টি হয়।জেলা প্রশাসন ও বিসিক নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে বিসিক শিল্পনগর স্থাপনের কার্যক্রম শুরু হয়। সে লক্ষ্যে ওই সময় বিসিক, শিল্প মন্ত্রণালয়সহ আন্তমন্ত্রণালয়ের চার সদস্যের কমিটি জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে নড়াইল-মাগুরা সড়কের রঘুনাথপুর মৌজায় ১৫ একর জমি নির্বাচন করে। ১৯৯০ সালের ১১ জুন ভূমি মন্ত্রণালয় জমি অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়। তখন ১৫ একর জমি অধিগ্রহণের জন্য চার লাখ ৯৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু শিল্প মন্ত্রণালয় তখন ওই টাকা না দেওয়ায় জমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।সূত্র আরও জানায়, ১৯৯৮ সালে নতুন করে এ জেলায় আবারও শিল্পনগর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে উদ্যোগ অনুযায়ী বিসিকের খুলনার আঞ্চলিক পরিচালকসহ চার সদস্যের একটি কমিটি নড়াইল সফর করেন। ওই কমিটি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চিত্রা নদীর অপর পাড়ে বোরাবাদুরিয়া-সীমাখালী মৌজার ১৫ একর জমি নির্বাচন করে প্রতিবেদন দাখিল করে। এ লক্ষ্যে জমি হুকুমদখলের জন্য বিসিক ২০০১ সালের ২৮ আগস্ট জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায়। কিন্তু তৎকালীর জেলা প্রশাসক শিল্পনগরের স্থান পরিবর্তনের জন্য বিসিকের ঢাকা কার্যালয়ের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান। এখানেই শিল্পনগর স্থাপনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ২০০১ সালের ১৮ নভেম্বর নতুন নির্বাচিত স্থান বাতিল করে আগের স্থানে শিল্পনগর গড়ে তোলার জোর দাবি জানিয়ে তাঁরা শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। কিন্তু মন্ত্রণালয় তাঁদের আবেদনে সাড়া দেয়নি।বিসিক নড়াইল কার্যালয়ের ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আলম জানান, প্রয়োজনীয় তহবিল ও অনুমোদন না পাওয়ায় নড়াইলে বিসিক শিল্পনগর স্থাপন করা সম্ভব হয়নি।