ঝুলে আছে সংরক্ষিত বন ঘোষণার কার্যক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় বনভূমিগুলোকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করার পদক্ষেপ নেওয়া হয়েছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই। এরই অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীর ১৩ হাজার একর উপকূলীয় বনভূমি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দেড় বছর আগে এ প্রক্রিয়া শুরু হলেও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
মহেশখালী বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ মে মহেশখালীর উপকূলীয় বনভূমি সংরক্ষণের জন্য বন আইনের ৬ নম্বর ধারা ঘোষণা করা হয়। এই ধারার মাধ্যমে উপকূলীয় বনভূমিতে অনধিকার প্রবেশ, মাছ ধরা, পোনা আহরণ, গাছ, লতাপাতা, ঘাস, মাটি, বালু, পশুপাখি ও বনজসম্পদ সংগ্রহ নিষিদ্ধ করা হয়। এর আগে ১৯৮৫ সালের ২২ ডিসেম্বর এসব জমির ওপর বন আইনের ৪ নম্বর ধারা জারি হয়েছিল। তবে বন আইনের ২০ ধারা জারি না হওয়া পর্যন্ত এই বনভূমি সংরক্ষিত বনাঞ্চলের মর্যাদা পাবে না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি মৌজার জমি ও চর এলাকায় গড়ে ওঠা প্রায় ১৩ হাজার একর বনভূমিতে ৬ নম্বর ধারা জারি করা হলেও মাঠপর্যায় থেকে ফের অধিকতর তদন্ত প্রতিবেদন না পাওয়ায় ফরেস্ট সেটেলমেন্ট কর্মকর্তা ও কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওই বনভূমিতে ২০ ধারা জারি করতে পারছেন না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বন ঘোষণা করার লক্ষ্যে প্রায় সাত মাস আগে ফরেস্ট সেটেলমেন্ট কর্মকর্তা ৬ নম্বর ধারা জারি করা বনভূমিগুলো সরেজমিন পরিদর্শন করেন এবং প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু চার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছালেও গোরকঘাটা ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন গত মঙ্গলবার পর্যন্ত হাতে আসেনি। এ কারণে আটকে গেছে সংরক্ষিত বন ঘোষণার কার্যক্রম। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, সংরক্ষিত বন ঘোষণার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। কিন্তু গোরকঘাটা ভূমি সহকারী কর্মকর্তা ঘটিভাঙ্গা মৌজার বনভূমির প্রতিবেদন দিতে দেরি করায় বিষয়টি ঝুলে আছে।
তবে এ নিয়ে প্রশ্ন করা হলে, গোরকঘাটা ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আক্তারুল ইসলাম বলেন, ‘বন বিভাগের দাবিকৃত চার হাজার ৯০০ একর বনভূমির মধ্যে মাত্র এক হাজার ৭০০ একর জমিতে প্যারাবন রয়েছে। এই বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করায় বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তা আমার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ করছেন।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, গোরকঘাটা ভূমি সহকারী কর্মকর্তার দেওয়া তদন্ত প্রতিবেদনে অসঙ্গতি থাকায় তা পুনরায় তদন্ত করতে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে ওই প্রতিবেদন হাতে পেলেই ফরেস্ট সেটেলমেন্ট কর্মকর্তা ও কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে পাঠিয়ে দেওয়া হবে।