মৌলভীবাজারের মাজদিহী চা-বাগানের শ্রমিক গোপাল ভুঁইয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আজ থেকে ১০ বছর আগে। চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে তিনি চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার রায় ঘোষণা করা যাচ্ছে না গত তিন বছর ধরে। মালিক প্রতিনিধি মতামত না দেওয়ায় বিচার ঝুলে আছে। প্রতি মাসে মামলার ধার্য তারিখে বিচারের আশায় সুদূর মৌলভীবাজার থেকে চট্টগ্রাম ছুটে আসেন গোপাল ভুঁইয়া। কিন্তু মালিক প্রতিনিধি উপস্থিত না থাকায় তাঁকে ফিরে যেতে হয় নিরাশ হয়ে।
শুধু চা-শ্রমিক গোপাল ভুঁইয়া নন, তাঁর মতো অবস্থা অসংখ্য শ্রমিকের। ন্যায়বিচারের আশায় শ্রম আদালতে মামলা করলেও তাঁদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে না দীর্ঘ সময়েও।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারী সংকট, সমন জারিতে বিলম্ব, জবাব দাখিলে আইনজীবীদের বার বার সময় নেওয়া ও প্রতিনিধিদের মতামত প্রদানে বিলম্বের কারণে শ্রম আদালতে বছরের পর বছর ঝুলে আছে এক হাজার ৪৪০ মামলা। গত এক বছরে চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে নিষ্পতি হয়েছে ৩৪১টি, দ্বিতীয় শ্রম আদালতে নিষ্পতি হয়েছে মাত্র ২৫০টি। বর্তমানে বিচারাধীন প্রথম শ্রম আদালতে ৯৫০টি এবং দ্বিতীয় শ্রম আদালতে ৪৯০টি মামলা।
চট্টগ্রাম জেলা ছাড়াও চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের আওতায় রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলা। দ্বিতীয় শ্রম আদালতের আওতায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট।
চট্টগ্রাম শ্রম আদালতের রেজিস্টার প্রল্লবেশ কুমার কুণ্ডু তাঁর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে দ্রুত মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না।
জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে বিচারক বিচার করে থাকেন। প্রতি দুই বছর অন্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একটি আদালতে ছয়জন শ্রমিক ও ছয়জন মালিক প্রতিনিধি নিয়োগ দিয়ে থাকে।
বিচারপ্রার্থীরা অভিযোগ করেন, মালিক প্রতিনিধি তবারক উল্লাহ, এনায়েত উল্লাহ, শাহ নেওয়াজ, শাহেদুর রহমান, কাজী জামিল আহমেদসহ অনেকই আদালতে উপস্থিত হন না। এতে পিছিয়ে যায় শুনানি।
জানতে চাইলে মালিক প্রতিনিধি শাহ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘অসুস্থতার কারণে অনেক সময় যাওয়া হয় না। সুস্থ হলে নিয়মিত যাওয়া হবে।’
নগরের কাতালগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে চলছে চট্টগ্রাম শ্রম আদালতের কার্যক্রম। গত মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রবেশমুখে দুজন পুলিশ কনস্টেবল থাকলেও নিরাপত্তাব্যবস্থা অপ্রতুল। আইনজীবীর সংখ্যা ও হাতেগোনা। দুপুর হতে না হতেই ফাঁকা হয়ে যায় আদালত প্রাঙ্গণ।
শ্রম আদালতে মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবী সুখময় চক্রবর্ত্তী জানান, মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে বছরের পর বছর মামলা নিষ্পত্তি হচ্ছে না। যথাসময়ে বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েন চাকরি হারানো মানুষ।