ঝুলে আছে ২২ হাজার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিমের অধীন আদালতগুলোয় বিচারক-সংকটের কারণে মামলাজটের সৃষ্টি হয়েছে। আদালতগুলোয় ২২ হাজারেরও বেশি মামলা এখন ঝুলে আছে। এ কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন।কুড়িগ্রাম জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন জানান, জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজের একটি, যুগ্ম জজের দুটি, সহকারী জজের নয়টিসহ বিচারকের ১৩টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ছয়জন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা ও দায়রা জজের পদ গত ১৮ মার্চ থেকে শূন্য রয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাঁর দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদের দায়িত্ব পালন করছেন। যুগ্ম জজের একটি পদ এক বছর ও সহকারী জজের পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে।আব্রাহাম লিংকন জানান, জেলা ও দায়রা জজ আদালতের অধীনে আদালতগুলোয় ১৩ হাজার ৬৩৮টি মামলা ঝুলে আছে। মুখ্য বিচারিক হাকিমসহ তাঁর অধীনে আদালতগুলোয় মুখ্য বিচারিক হাকিমের একটি, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের একটি, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তিনটি ও বিচারিক হাকিমের চারটিসহ বিচারকের মোট নয়টি পদ আছে। এর মধ্যে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দুটি, অতিরিক্ত বিচারিক হাকিমের একটি ও বিচারিক হাকিমের তিনটি পদ শূন্য আছে। বিচারক না থাকায় বিভিন্ন আদালতে সাড়ে আট হাজারের মতো মামলা ঝুলে আছে।বিচারপ্রার্থী রাজারহাট উপজেলার পারুল বেগম ক্ষোভের সঙ্গে বলেন, ‘কোটে আসি আর যাই। বিচার তো পাই না। খালি তারিখ পড়ে। মহিলা মানুষ, পাঁচ বছর থাকি ঘুরছি। শেষ হইয়া গেছি। কোটে আইলেই টেকা।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালেক চাঁদ জানান, অধিকাংশ মামলার প্রথম তারিখ থেকে পরবর্তী তারিখ দেওয়া হচ্ছে চার থেকে ছয় মাস পর। এ কারণে বিচার দেরিতে হচ্ছে।অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন বলেন, ‘বিচারক-সংকট নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। প্রতিদিন মামলার সংখ্যা বাড়ছে। বিচারক কম থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে।’