ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের আশ্রয় নিয়েছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরি গ্রামের ইয়াকুব আলী মোল্লা। কিন্তু মামলার নিষ্পত্তি তিনি দেখে যেতে পারেননি, আদালত আর আইনজীবীদের পেছনে ছুটতে ছুটতেই মারা গেছেন। মারা গেছেন মামলার বিবাদী কাদের মোল্লাও।ইয়াকুব আলী মোল্লা এ মামলাটি করেছিলেন ১৯৯৭ সালে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী জজের আদালতে। তিনি মৃত্যুবরণ করেন ২০০৯ সালে। এর আগে ২০০২ সালে মারা যান বিবাদী কাদের মোল্লা। শুধু ইয়াকুব আলীর মামলাটিই নয়, বছরের পর বছর ঝুলে রয়েছে এমন আরও অনেক মামলা।সমপ্রতি মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদা জমিসংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা মামলাগুলো (দেওয়ানি মোকদ্দমা) দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। আদালতে এসে সাধারণ মানুষ যাতে দ্রুত সেবা পায় তার সব ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপও নিয়েছেন তিনি।জেলা জজের কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্যোগের অংশ হিসেবে জেলা জজশিপের বিভিন্ন আদালতে ১৯৮৩ থেকে ২০০০ সাল পর্যন্ত করা ৫২টি পুরোনো মামলা চিহ্নিত করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ১৭ ফেব্রুয়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও বিচারকেরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে বিচারক ও আইনজীবীরা মামলাগুলোর দীর্ঘসূত্রতার কারণ ব্যাখ্যা করে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন।দীর্ঘসূত্রতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সদর উপজেলা সহকারী জজ সিকান্দার জুলকার নাইন একটি মামলার উদাহরণ দিয়ে বলেন, সদর উপজেলার সুসুণ্ডা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী আনোয়ারা খাতুন ২১ শতাংশ জমির স্বত্ব ও দখল ফিরে পাওয়াসহ বণ্টনের আদেশ পাওয়ার জন্য ১৯৮৯ সালে তাঁর আদালতে মামলা করেন। মামলার আরজির সঙ্গে ১৯১৬ সালের একটি দলিল দেওয়া হলেও তাতে জমির দাগ ও খতিয়ান নম্বর নেই। এ কারণে মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। তিনি জানান, সম্প্রতি জেলা জজের পরামর্শে উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে চার মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। মানিকগঞ্জ জজ আদালতের আইনজীবী দীপক ঘোষ বলেন, ঝুলে থাকা মামলাগুলোর প্রায় সবই গ্রামের দরিদ্র মানুষের। তিনি বলেন, জেলা জজের এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়নের জন্য আইনজীবীদের এগিয়ে আসতে হবে।জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদা বলেন, এমন কিছু পুরোনো মামলা আছে, যা দেখলে আঁতকে ওঠার মতো। এমন অনেক মামলা আছে, যার নিষ্পত্তির আগেই বাদী মারা গেছেন। মানুষের এই কষ্টের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।