ঝুড়ি-কোদালে কপোতাক্ষ নদ খননের দাবিতে অবস্থান কর্মসূচি
সরকারি বরাদ্দে কপোতাক্ষ নদ খননের অধিকাংশ কাজ ঝুড়ি-কোদালের মাধ্যমে করানোর দাবিতে গতকাল শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ২৬১ কোটি টাকার নদী খননের অধিকাংশ কাজ ঝুড়ি-কোদালের মাধ্যমে হলে পানিবন্দী মানুষ একদিকে কাজ পাবে, অন্যদিকে খনন করার নামে বিভিন্ন ধরনের দুর্নীতি বন্ধ হবে এবং খনন করা মাটি দিয়ে মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে পারবে। তা ছাড়া খননের মাটি আবার নদীতে পড়বে না।বাপা খুলনা বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জাকির হোসেন, এস এম দাউদ আলী, এ কে এম নুরুল ইসলাম, আবুল হোসেন, এস এ রশিদ, দেলোয়ার উদ্দিন, তপন রায়, খালিদ হোসেন, সিরাজউদ্দিন, এনামুল হক, শেখ আশরাফ উজ-জামান, আবদুল হালিম, মিজানুর রহমান, এস এম সোহরাব হোসেন, শাহীন জামান, সৈয়দ আলী হাকিম, তরুণ সরকার ভূষণ প্রমুখ।