ঝুড়িতে পণ্য নিয়ে দৌড়ঝাঁপ হকারদের
টানা উচ্ছেদ অভিযানের ফলে গুলিস্তানের শতাধিক হকার তাঁদের ব্যবসার ধরন পাল্টে ফেলেছেন৷ তাঁরা এখন ফুটপাতে ঝুড়িতে পণ্যের পসরা সাজিয়ে বসেন৷ অভিযান শুরু হলে মালামাল নিয়ে দ্রুত সটকে পড়েন৷ কিছুক্ষণ পর আবার মালামাল নিয়ে ফুটপাতে বসেন৷
অভিযানের ফলে বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও মতিঝিল এলাকায় তেমন হকার নেই৷ স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা। তেমন যানজটও নেই।
গত ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে দিনের বেলায় গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ তবে ঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টার পর তাঁরা ফুটপাতে ব্যবসা করতে পারবেন৷ কিন্তু হকাররা এই নির্দেশনা না মানায় ওই দিন থেকেই টানা উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি৷ গত রোববার পে-লোডার নিয়ে ১৪তম দিনের মতো ওই এলাকাগুলোতে অভিযান চালায় ডিএসসিসি৷
গতকাল সরেজমিনে দেখা যায়, গুলিস্তান এলাকার ফুটপাতে পৃথক স্থানে ঝুড়িতে পণ্যের পসরা সাজিয়ে বসে রয়েছেন শতাধিক হকার৷ বেলা সাড়ে ১১টার দিকে গোলাপ শাহ মাজার এলাকা থেকে হকারদের উচ্ছেদ শুরু করে ডিএসসিসির ১৫ থেকে ২০ জনের একটি পরিচ্ছন্নতাকর্মীর দল৷ এ সময় তাঁদের দেখে আশপাশের হকাররা দ্রুত মালামাল গুছিয়ে মাথায় ঝুড়ি নিয়ে সটকে পড়েন৷ পরিচ্ছন্নতাকর্মীরা চলে যাওয়ার পর আবার মালামাল নিয়ে তাঁরা ফুটপাতে বসেন৷