ঝেঁকে ধরেছে মুকুল পতঙ্গের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এবার প্রচুর আমের মুকুল এসেছে। কিন্তু কীটপতঙ্গ নেই। এতে পরাগায়ন ব্যাহত হয়ে আমের ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষকেরা দুবার করে কীটনাশক ছিটানোর পরামর্শ দিলেও চাষিরা চার-পাঁচবার পর্যন্ত ছিটাচ্ছেন। এ কারণে উপকারী পতঙ্গ মরে যাচ্ছে।পবা উপজেলার হরিপুর উইনিয়নের নবগঙ্গা গ্রামের একটি আমবাগানে গিয়ে দেখা যায়, গাছে প্রচুর মুকুল এসেছে। ওই মুকুলে কীটপতঙ্গ নেই। স্থানীয় চাষিরা জানান, সাধারণত এ সময় গাছে গাছে বিপুলসংখ্যক মাছি (কীটপতঙ্গ) থাকে। তাই বাগানে এলে অন্য রকম গুঞ্জন শোনা যায়। এবার তা নেই। বাঘা ও চারঘাট উপজেলায় চাষিরা সস্তা দামের ভারতীয় কীটনাশকও ব্যবহার করছেন।বাঘার বলিহার গ্রামের আমচাষি বিমল চন্দ্র সরকারের ২০ বিঘার আমবাগান রয়েছে। তিনি স্বীকার করেন, বিষ ছিটানোর কারণেই উপকারী পোকাগুলোও মরে যাচ্ছে। এরই মধ্যে তিনি তিনবার বিষ ছিটিয়েছেন। নিজের ইচ্ছায় দুবার আর কোম্পানির লোকদের কথায় একবার। চারঘাটের বনকিশোর গ্রামের কলেজশিক্ষক, আম ব্যবসায়ী ইসহাক আলীর ৩০০টি আমগাছ কেনা আছে। তিনি মুকুল আসার আগে দুবার এবং মুকুল আসার পর একবার বিষ দিয়েছেন তাতে। গুটি হওয়ার পর আরেকবার দেবেন।রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, পতঙ্গ কীভাবে পরাগায়নে সাহায্য করে, তা কৃষকদের দেখানোর জন্য তিনি গত বুধবার ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে বাগানে ঢোকেন। কিন্তু দু-একটি মৌমাছি ছাড়া অন্য কোনো মাছি (হাউস ফ্লাই) পাননি তিনি। আলিম উদ্দিনের মতে, নির্বিচারে কীটনাশক ছিটানোর কারণেই উপকারী পতঙ্গগুলো মরে যাচ্ছে। আর ক্ষতিকর পতঙ্গগুলোর টিকে থাকার ক্ষমতা বাড়ছে। নিয়ম অনুযায়ী, এক লিটার পানিতে এক মিলিগ্রাম সাইপার মেথ্রিন গ্রুপের ওষুধ ও দুই গ্রাম ম্যানকোজেব (ছত্রাকনাশক) মিশিয়ে মুকুল ফোটার আগে একবার এবং মুকুল মটরদানার সমান হলে আরেকবার ওষুধ দিলেই কাজ হবে। এর বেশি দেওয়ার দরকার নেই।