ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে ভোগান্তি মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল বুধবার বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে উপজেলাবাসীর জীবন। সকাল থেকেই ছিল মেঘের আনাগোনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা সদরের চারটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। তাই বৃষ্টিতে ভিজেই তাঁদের আসতে হয়েছে।
ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ও উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী বলে, সকালের দিকে তেমন বৃষ্টি না থাকলেও ছুটির পর বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হয়েছে। এ দুই বিদ্যালয়ের দুজন শিক্ষক বলেন, বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, ‘যখন মেয়েরা কলেজে আসবে, তখন থেকেই বৃষ্টি। তাই উপস্থিতি কম ছিল।’ দিনভর বৃষ্টির ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষেরাও। বিশেষ করে দিনমজুর ও রিকশা-ভ্যানের চালকেরা বেশি সমস্যায় পড়েন।
উপজেলার বেতুয়া গ্রামের রিকশা-ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির এমন দিনে লোকজন পারতপক্ষে ঘর থেকে বের হয় না। ফলে রোজগার হয় না।’