ঝোড়ো বাতাস ও মেঘের গর্জন হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ
চাহিদা অনুযায়ী সরবরাহ থাকা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতের গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আকাশে মেঘের গর্জন, বৃষ্টির শব্দ আর ঝোড়ো বাতাসের আভাস পেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, জরুরি মেরামত ও সংস্কারকাজের জন্য তাদের ঘন ঘন বিদ্যুৎ লাইন বন্ধ করতে হচ্ছে। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ বাড়ছে গ্রাহকদের।
১০-১২ জন গ্রাহক বলেন, প্রচণ্ড দাবদাহের মধ্যেও নানা অজুহাতে প্রতিদিন পাঁচ-ছয়বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বন্ধ থাকায় তাঁরা গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন। শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় কলকারখানার উৎপাদনও বন্ধ থাকছে। বাসাবাড়িতে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় শিশুসহ বয়স্করা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন। পৌরসভার পানি সরবরাহেও সংকটের সৃষ্টি হচ্ছে।
রেলগেট, দড়িনারিচা, পশ্চিমটেংরী, বাবুপাড়া, স্কুলপাড়া, পিয়ারাখালী, পিয়ারপুর, বিমানবন্দর সড়ক, রহিমপুর, শৈলপাড়া, গোকুলনগরসহ শহরের পশ্চিম প্রান্তের গ্রাহকেরা সবচেয়ে বেশি বিদ্যুৎবিভ্রাটের মধ্যে পড়েছেন। দিনে ছয়-সাতবার বিদ্যুৎ বন্ধ থাকছে এসব এলাকায়।
পিয়ারাখালীর ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, আকাশে মেঘের গর্জন শুনতে না-শুনতেই তাঁদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। কোনো পূর্বঘোষণা ছাড়াই মাঝেমধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। দড়িনারিচা পাড়ার গৃহবধূ সুখজান বেগম বলেন, জোরে বাতাস এলে ও বৃষ্টির শব্দ পেলেই বিদ্যুৎ চলে যায়। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রায় দিনই বিদ্যুৎ বন্ধ থাকে। এ সময় পৌরসভা থেকে পানি সরবরাহ করা হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় সকালে পানি পাওয়া যায় না।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কার্যালয় সূত্র জানায়, গুরুত্বপূর্ণ জনপদ ঈশ্বরদী শহরে বিদ্যুতের ২৮ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। আবাসিক গ্রাহক ছাড়াও ছোট-বড় কলকারখানার গ্রাহক রয়েছেন আরও পাঁচ শতাধিক। এখানে ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন তিনটি উপকেন্দ্র এবং ১৪টি ফিডারের মাধ্যমে দৈনিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহরের পাতিলাখালী ও ছলিমপুর ইউনিয়নের জয়নগরের দুটি উপকেন্দ্রে সম্প্রতি বিদ্যুতের নতুন যন্ত্রপাতি ও লাইন স্থাপন করা হয়েছে। বর্তমানে উপকেন্দ্র দুটির যান্ত্রিক অবস্থা খুবই ভালো। তবে মাঝেমধ্যে লাইন মেরামত ও সংস্কারকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) উৎপল কুমার সাহা বলেন, বর্তমানে ঈশ্বরদীতে লোডশেডিং নেই। কিন্তু মেরামতকাজের জন্য বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্প, ঈশ্বরদী ইপিজেডসহ এখানকার বিদেশিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তাঁদের সার্বক্ষণিক কাজ করতে হচ্ছে। এ অবস্থার পাশাপাশি বৃষ্টিপাত ও বজ্রপাতের ভয়ে সর্তকতামূলক প্রায়ই তাঁরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন।