ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ৬৬ জেলেকে ভারতের জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ৬২ জনকে গত বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের হিরণ পয়েন্টের উপকূলে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতের নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে ৬২ জন জেলেকে ফেরত আনার বিষয়টি জানানো হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই প্রথম আলোকে বলেন, ফেরত আসা ৬২ জন জেলের মধ্যে কুতুবদিয়ার ১৬ জন। অন্যরা কক্সবাজারের অন্যান্য এলাকার ও লক্ষ্মীপুরের।
সূত্র জানায়, ১৬ আগস্ট ঝড়ের কবলে পড়ে ৬৬ জন জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ভারতের জলসীমায় ঢুকে পড়ে। এরপর ভারতীয় জেলেরা তাঁদের উদ্ধার করে সেদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। গত বৃহস্পতিবার এফবি আল্লাহর দান ও এফবি ফরহাদ নামের দুটি ট্রলারে করে ৬২ জন জেলেকে ভারত থেকে সুন্দরবন এলাকায় আনা হয়। ভারতে অপর দুটি ট্রলার (মা গঙ্গা ও নাহিদ) মেরামতের কাজ চলছে। ট্রলারের সঙ্গে আছেন চারজন জেলে। ট্রলার মেরামত শেষে তাঁদের দেশে ফেরত আনা হবে।
পুলিশ সূত্র জানায়, এফবি ফরহাদের মালিক কক্সবাজার শহরের ৬ নম্বর জেটিঘাট এলাকার আবদুল কাইয়ুম সওদাগর। তাঁর ট্রলারে ছিলেন ১৬ জন জেলে। আবদুল কাইয়ুম জানান, ট্রলারসহ নিখোঁজ ১৬ জেলেকে তিনি ফেরত পেয়েছেন। জেলেদের বেশির ভাগের বাড়ি কক্সবাজারে। অন্যদের বাড়ি লক্ষ্মীপুরে।
এফবি আল্লাহর দান নামের ট্রলারের মালিক কক্সবাজার শহরের এসএমপাড়ার সিরাজ মিয়া সওদাগর। ওই ট্রলারে জেলে ছিলেন ১৫ জন।
ভারতে থাকা এফবি নাহিদ ট্রলারের মালিক কুতুবদিয়ার সাবের আহমদ। ওই ট্রলারের ১৮ জন জেলের মধ্যে ১৬ জন ফিরে এসেছেন। বাকি দুজন ট্রলারের সঙ্গে ভারতে রয়ে গেছেন।
এফবি মা গঙ্গা ট্রলারের মালিক রাধে শ্যাম। তাঁর ট্রলারে জেলে ছিলেন ১৭ জন। তাঁদের মধ্যে ১৫ জন দেশে ফিরেছেন। দুজন ট্রলারের সঙ্গে ভারতে আছেন। এদিকে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম এলাকার নুরুল কবির বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত তাঁর একটি ট্রলার ১৬ জন জেলেসহ নিখোঁজ আছে। নিখোঁজ জেলেদের সন্ধান চলছে।