
সকালে ২৫ মিনিটের ঝোড়ো অভিযান। নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। অভিযান শেষে ডিএমপি কমিশনার বললেন, গুলিস্তানের ফুটপাত চিরস্থায়ীভাবে হকারমুক্ত করা হবে। কথা-কাজে আর গরমিল হবে না। ঘণ্টা দুয়েকও কথা রাখতে পারেননি তিনি। আবারও ফুটপাত হকারদের দখলে যায়। এ ঘটনা গতকাল বুধবারের।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিএমপি কমিশনার গুলিস্তানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন, সে ব্যাপারে আগেই হকারদের জানানো হয়েছিল। সকাল সাতটার মধ্যেই গুলিস্তান শপিং কমপ্লেক্স, গুলিস্তান পোড়া মার্কেট, ট্রেড সেন্টার ও গোলাপ শাহ মাজার–সংলগ্ন ভাসমান দোকানপাট উঠিয়ে দেয় পুলিশ। অনেক হকার দোকানের ঝাঁপই খোলেননি। প্লাস্টিক দিয়ে মালপত্র মুড়িয়ে রাখেন।
সকাল সাড়ে ১০টায় আছাদুজ্জামান মিয়া গুলিস্তান শপিং মল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ছিলেন। গুলিস্তান শপিং মলের ফুটপাতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রাস্তার ওপর দোকান বসলে ভেঙে দিব সব। আজ বলে গেলাম। আরেক দিন দেখলে খবর আছে। অ্যারেস্ট করব।’ গুলিস্তানের মোট আটটি জায়গায় তিনি থামেন এবং একইভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন। এ সময় কেউ কেউ হাততালি দিয়ে অভিনন্দন জানান ডিএমপি কমিশনারকে।
উচ্ছেদ অভিযান শেষে ডিএমপি কমিশনার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঢাকা শহরে রাস্তার সংখ্যা কম। লোকের সংখ্যা বেশি।

যানবাহনও বেশি। এর মধ্যে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ফুটপাত দখলমুক্ত করা দরকার বলে উল্লেখ করেন তিনি। কমিশনার বলেন, ‘এর আগেও আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। তবে ধরে রাখতে পারিনি। লোকবলের অভাব ছিল। এবার আর কথায় কাজে গরমিল হবে না। ডিএমপি কমিশনার নিজেই উচ্ছেদ অভিযানে নেমেছেন। এটা আগে কখনো হয় নাই।’ তিনি ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা চান। স্টিকারযুক্ত গাড়ি ও উল্টোপথে যানবাহন চলাচল বন্ধে পুলিশ ৮০ ভাগ ক্ষেত্রে সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
পুলিশি অভিযান শেষে দুপুর ১২টা থেকেই হকাররা ধীরে ধীরে তাঁদের ভাসমান দোকানের ঝাঁপ খুলতে শুরু করেন। গুলিস্তান শপিং মলের ফুটপাতে বেঞ্চ পেতে শার্ট বিক্রি করছিলেন মো. আলমগীর। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের তো দোকানের পজেশন আছে। বাইরে বসলেই কি?’ অপর এক বিক্রেতা চামড়ার বেল্ট বিক্রি করছিলেন। তিনি বলেন, এমন অভিযান আগেও হয়েছে। হকারদের একজন সর্দার আছেন। তিনিই বরাবর তাঁদের বসার ব্যবস্থা করে দিয়েছেন। সর্দারের নাম অবশ্য তিনি প্রকাশ করেননি। অপর একজন ব্যাগ বিক্রেতা বলেন, ‘যত দিন আল্লায় রাখছে, তত দিন থাকমু। কেউ কিছু করতে পারব না।’