ঝোড়ো হাওয়ায় চরে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো হাওয়ায় গতকাল শুক্রবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের একটি ফেরি চরে আটকা পড়ে। পরে উদ্ধারকারী জাহাজ প্রায় আট ঘণ্টা পর সেটিকে মুক্ত করে। এদিকে, ঘাটে সমস্যার কারণে গতকালও গাড়ি পারাপার ব্যাহত হয়েছে। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল ভোর পৌনে ছয়টায় পাটুরিয়া থেকে গাড়ি নিয়ে ফেরিটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। দৌলতদিয়া ঘাটের কাছাকাছি এলেও ঝোড়ো বাতাসে এটি প্রায় তিন কিলোমিটার দূর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের চর কর্নেশন বালুর চরে গিয়ে আটকা পড়ে। এ সময় ফেরিতে তিন শতাধিক যাত্রী ছিল। এ রুটের অন্য সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাতটার দিকে বাতাসের বেগ কমলে অনেক যাত্রী ট্রলারে করে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। পরে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯ বেলা দুইটার দিকে ফেরিটিকে মুক্ত করে।
এদিকে, ফেরি ও ঘাটের সমস্যায় গতকালও যানজট অব্যাহত ছিল। দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে আটকা পড়ে কয়েক শ গাড়ি। দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ঝোড়ো বাতাসে দৌলতদিয়ার ১ নম্বর ঘাটের আপ পকেটের পন্টুনের একটি কবজা ভেঙে যায়। ৩ নম্বর ঘাটের ডাউন পকেটের পন্টুনের কবজা এক মাসের বেশি সময় আগে ভেঙে যাওয়ায় এ পকেট দিয়ে গাড়ি ওঠানামা বন্ধ রয়েছে। ৪ নম্বর ঘাটটি গত মঙ্গলবার থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাটুরিয়ায় দুটি ঘাটের দুটি পকেট বন্ধ থাকায় গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি।