ঝড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সয়াবিন ও বাদামচাষিরা
ঝড় ও অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর তিনটি উপজেলার সয়াবিন ও বাদামচাষিরা। খেতে বৃষ্টির পানি জমে সয়াবিনগাছ পচে নষ্ট হয়ে গেছে।সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহের টানা বৃষ্টিপাতে সুবর্ণচর ও সদর উপজেলার বেশির ভাগ জমিতে পানি জমে আছে। খেতে পাকা সয়াবিন পড়ে থাকলেও রোদ না থাকায় তা ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। এ অবস্থায় অনেক খেতেই সয়াবিনগাছ ও সয়াবিন ফলে পচন ধরেছে।সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের কৃষক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছর তিনি এক একর জমিতে সয়াবিন চাষ করেন। ভালো ফলন হওয়ায় এবার করেছেন তিন একর জমিতে। পোকামাকড়ের আক্রমণের পরও এবার ফলন হয়েছে ভালো। কিন্তু বৃষ্টিতে প্রায় সব খেতেই পানি জমেছে। প্রায় অর্ধেক জমির সয়াবিন অনেকটাই নষ্ট হয়ে গেছে। লাভের পরিবর্তে এবার লোকসান গুনতে হবে।সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক ফয়েজ আহম্মদ বলেন, ‘লাভের আশায় জমি বর্গা নিয়ে সয়াবিন চাষ করেছি। কিন্তু টানা বৃষ্টির কারণে পাকা সয়াবিন খেতে পানি জমে গেছে। পানি সেচে খেত থেকে সয়াবিন তুলে এসেছি।’ তিনি বলেন, এবার মনে হয় তিনি অর্ধেক ফসলও পাবেন না।সুবর্ণচরের চর জুবলীর কৃষক মো. হোসাইন বলেন, তিনি আড়াই একর জমিতে সয়াবিন চাষ করেছেন। প্রথম পোকার আক্রমণে অনেক গাছ মরে গেছে। ওষুধ দেওয়ার পর যেগুলো রক্ষা পেয়েছে, সেগুলোও নষ্ট হয়েছে টানা বৃষ্টিতে। ফলে এবার পুঁজিও উঠবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, জেলার সদর, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় এবার বাদাম ও সয়াবিন চাষ হয়েছে প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে অতিবৃষ্টি ও ঝড়ে দুই হাজার হেক্টর জমির সয়াবিন ও এক হাজার ৫০০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে।কার্যালয়ের শস্য ও উৎপাদন বিশেষজ্ঞ শ্রীনিবাস দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি যে চিত্র দেখেছেন, তাতে নিমজ্জিত ফসলের মধ্যে ১৫ থেকে ২০ ভাগ সয়াবিন এবং প্রায় ২০ ভাগ বাদাম সম্পূর্ণ ক্ষতির মধ্যে পড়বে। এ ছাড়া বাকি ফসলের তেমন সমস্যা হবে না।