ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে এক দিনেই দেশের ভূভাগে উঠে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এটি যশোর ও তার পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল। গতকাল সন্ধ্যায় এটি ক্রমে দেশের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। লঘুচাপটির প্রভাবে দেশের বেশির ভাগ এলাকার আকাশে ঘন মেঘের সৃষ্টি হয়েছে।
নিম্নচাপটির প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের একাংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে দেশের বেশির ভাগ উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার মিটার বেশি উঁচু হতে পারে। এতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
উপকূলে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকার মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়ে বলছে, আজ দুপুর পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এদিকে নিম্নচাপের প্রভাবে গতকাল দেশের বেশির ভাগ এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ২৪০ মিলিমিটার। ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।