ঝড় ও টর্নেডোয় চার শ বসতঘর বিধ্বস্ত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গত রোববার প্রচণ্ড ঝড়ে তিন শতাধিক বসতঘর ও পাঁচ শতাধিক আমগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় টর্নেডোয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলাহাটের ইউএনও জিয়াউল বাসেত জানান, ঝড়ে উপজেলার দলদলি, ঘাইবাড়িসহ কয়েকটি গ্রামের ১৩৭টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৮০টি কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং ৫৭টি বসতঘরের টিনের চালা উড়ে গেছে। ঝড়ে আমবাগানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে। আবার কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে।
গোমস্তাপুরের ইউএনও রুহুল আমীন জানান, উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি ও বেগুনবাড়ি গ্রামে ১৩২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাচোলের ইউএনও সুফিয়া আক্তার জানান, ঝড়ে ৮১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের ক্যানেল বাজার এবং এর সংলগ্ন হরতকীতোলা গ্রামে গতকাল দুপুরে টর্নেডোয় পূজামণ্ডপসহ শতাধিক দোকান ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। কয়েক শ মানুষ খোলা আকাশের নিচে রয়েছেন।