ঝড় ও শিলাবৃষ্টিতে চার হাজার ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি

নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে গত মঙ্গলবার রাতে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে। এসব জেলায় অন্তত চার হাজার ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎবিহীন রয়েছে বিভিন্ন এলাকা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে উঠতি ফসল।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ি ও গোমনাতি ইউনিয়নের ওপর দিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ঝড় বয়ে যায়। এতে সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে পড়ে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টিতে নষ্ট হয় উঠতি বোরো ধান ও পাটখেত।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নেরই বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ডোমার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমান বলেন, ঝড়ে ওই তিন ইউনিয়নে প্রায় ১ হাজার ৩০০ পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর এসেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
পঞ্চগড়: সদর উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঝড় বয়ে যায়। এতে ধাক্কামারা, বোদাপাড়া, লাঠুয়াপাড়া, চানপাড়া, শিংপাড়া, তালমা, ঝাকুয়াকালী, ডুডুমারী, উত্তর জালাসী, চাকলা, নতুন চাকলা, ডোলোপাড়া, সিংরোড, হাফিজাবাদসহ প্রায় অর্ধশত গ্রামের সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। এ ছাড়া শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে কয়েক শ হেক্টর জমির পাকা ধান, পাট, মরিচ, তিল, ভুট্টাসহ বিভিন্ন খেত। ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফল আম, লিচু ও কাঁঠালের। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আহসানুল কবির বলেন, গতকাল ভোর থেকে তাঁরা কাজ শুরু করেছেন। তবে ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে দুদিন লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কাজ চলছে।
পাটগ্রাম (লালমনিরহাট): গত মঙ্গলবার সন্ধ্যা এবং রাত নয়টার দিকে দুই দফা শিলাবৃষ্টি ও ঝড়ে পাটগ্রাম পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। কোনো কোনো গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ঝড়ের কবলে পড়ে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর বিদ্যুৎ সঞ্চালন (৩৩ কেভি) লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পাটগ্রাম ও পাশের হাতীবান্ধা উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পাটগ্রামের ইউএনও নূর-কুতুবুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
বদরগঞ্জ (রংপুর): মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ১০টি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, দুটি মাদ্রাসাসহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। অন্তত ১৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।