পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরের বদরগঞ্জে গত বুধবার আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে গম, আলু, সরিষাসহ বিভিন্ন ফসলের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় কিছু কাঁচা ঘর ধসে পড়েছে এবং গাছপালা উপড়ে গেছে। নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গতকাল বৃহস্পতিবার গৃহবধূসহ দুজন মারা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ে গম, আলু, টমেটো, বেগুন, মরিচ, শীতকালীন শাকসবজির খেত এবং আগাম আম, লিচু ও কাঁঠালের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া, রাধানগর ও বলরামপুর ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার, রাধানগর ইউনিয়নের ডুংডুংগির হাট ও বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এ ছাড়া কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা পড়ে গেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কুমার চ্যাটার্জি বলেন, এখনো ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক হিসাবে ৩০০ হেক্টর জমির গম, ২০০ হেক্টর জমির সরিষা ও ১০০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এ ছাড়া আলু, বেগুন, মরিচ এবং আম, লিচুর মুকুলসহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ঝড়ে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে কেফার উদ্দীনের পুত্রবধূ কল্পনা বেগম (৩৫) ও নাতি আজিজুল ইসলাম (২৫) মারা গেছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কামাল হোসেন বলেন, বুধবার দিবাগত রাতে ঝড়ে সরবরাহ লাইনের ওপর বাঁশ পড়লে একটি তার ছিঁড়ে ওই বাড়ির আঙিনায় পড়ে এই দুর্ঘটনা ঘটে। বুধবার ভোররাত থেকে জেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।ঠাকুরগাঁও: ঝড়ে জেলার সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার ২০টি গ্রামের পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি, ফসল ও গাছপালার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান জানান, শিলাবৃষ্টিতে গম ও ভুট্টার খেত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ চলছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম, হরিপুরের ইউএনও হারুন-অর-রশিদ ও রানীশংকৈলের ইউএনও এরশাদুল হক জানান, শিলাবৃষ্টিতে অনুমানিক ৭০ শতাংশ গম ও ভুট্টাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলার আঘাতে অনেক মানুষ আহত হয়েছে। তবে তাদের নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বালিয়াডাঙ্গীর ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, শিলার আঘাতে গম, ভুট্টা ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে।বদরগঞ্জ (রংপুর): গত বুধবার দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে গম, তামাক, ভুট্টা, সরিষা ও আলুখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ক্ষতি হয়েছে ইটভাটায় কাঁচা ইটের। কৃষকেরা জানান, খেতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরার আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীমুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টিতে কিছু ফসলের ক্ষতি হয়েছে।’