ঝড় ও শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গতকাল সোমবার শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া শেরপুর ও জামালপুরে গত রোববার ঝড় ও শিলাবৃষ্টিতে সাড়ে ছয় হাজার হেক্টর জমির ধান ও সবজির ব্যাপক ক্ষতিসহ ১০ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভৈরব (কিশোরগঞ্জ): অষ্টগ্রামের আদমপুর ও কলমা ইউনিয়নে গতকাল দুপুরে শিলাবৃষ্টিতে একাধিক হাওরের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকেরা জানান, বৈশাখের শুরু থেকে অষ্টগ্রাম হাওরের বিআর-২৮ ধান কাটা শুরু হয়েছে। এক সপ্তাহ পর থেকে পুরোদমে ধান কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ অবস্থায় এই শিলাবৃষ্টি পাকা ধান মাটিতে মিশিয়ে দিয়েছে। সরিষাবাড়ী (জামালপুর): রোববার সন্ধ্যায় বৈশাখী ঝোড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে ছয় শতাধিক হেক্টর জমির ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, উপজেলার ২০টি গ্রামের ছয় শতাধিক হেক্টর জমির ইরি-বোরো ধান নষ্ট হয়েছে।শেরপুর: রাতে জেলার সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—এই চার উপজেলায় ঝড়ের সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ায় প্রায় ছয় হাজার হেক্টর জমির বোরো ধান ও সবজি, শতাধিক ঘরবাড়িসহ বিপুলসংখ্যক গাছপালার ক্ষতি হয়েছে। ঝড়ে টিনের চাল ও গাছের ডালের আঘাতে এবং বজ্রপাতে অন্তত ১০ জন আহত হয়েছে।