ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বোরো ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক দিন পরই বোরো ধান কাটা শুরু হবে। কৃষকেরা নিচ্ছেন ধান কাটার প্রস্তুতি। ঠিক এই সময় রাজশাহীর গোদাগাড়ী ও পবা এবং রংপুরের বদরগঞ্জ ও পীরগাছা উপজেলার কৃষকেরা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।গত শনিবার রাতে ঝড় ও শিলাবৃষ্টির কারণে উপজেলাগুলোর কৃষকদের বোরো খেত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি অন্যান্য ফসল এবং আম ও লিচুগাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গোদাগাড়ীর চাপাল গ্রামের কৃষক আনারুল ইসলাম এবার ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। আগামী মঙ্গলবার ধান কাটার জন্য তিনি শ্রমিকও ঠিক করে রেখেছিলেন। শনিবার রাতে মাত্র ১২ মিনিটের শিলাবৃষ্টিতে তাঁর জমির সব ধান নষ্ট হয়ে গেছে। গতকাল রোববার সকালে খেতে এসে ফসলের অবস্থা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী উপজেলার চারটি এবং পবা উপজেলার দুটি গ্রামের সব বোরো খেতেরই একই অবস্থা। গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, তাঁর উপজেলায় এবার ১৫ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে শনিবারের শিলাবৃষ্টিতে আটটি ব্লকের তিন হাজার ৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০০ হেক্টর জমির ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।বদরগঞ্জ (রংপুর): ঝড়ে ১০টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ও তার ছিঁড়ে পড়ায় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাত সোয়া একটার দিকে তিন-চার মিনিট ধরে টানা শিলা পড়তে থাকে। এরপর শুরু হয় দমকা হাওয়া। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, এবার উপজেলায় ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।পীরগাছা (রংপুর): কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে কান্দি, পীরগাছা, কৈকুরী ও ইটাকুমারী—এই চারটি ইউনিয়নের ২০টি গ্রামের উঠতি বোরো ধান, পাট, ভুট্টা ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। রাত ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। গতকাল দুপুরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক ফিরোজ আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।