ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ উপড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। (ইনসেটে) সদর উপজেলার হাজরাহাটি এলাকার ক্ষতিগ্রস্ত একটি কলাখেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ উপড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। (ইনসেটে) সদর উপজেলার হাজরাহাটি এলাকার ক্ষতিগ্রস্ত একটি কলাখেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

দক্ষিণাঞ্চলের খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট ও মেহেরপুরে গত মঙ্গলবার সন্ধ্যারাতে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যশোরের অভয়নগর উপজেলায় ঝড়ে গাছচাপা পড়ে দুই নারী প্রাণ হারিয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
অভয়নগর (যশোর): সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে শিলাবৃষ্টিসহ প্রচণ্ড ঝড় বয়ে যায়। প্রায় ৪০ মিনিট স্থায়ী ঝড়ে ধূলগ্রাম এলাকার রিক্তা মণ্ডল (৫০) ও এক্তারপুর গ্রামের শাহিদা বেগম (৫৮) নামের দুজন প্রাণ হারান। ঝড়ে আহত হন অন্তত পাঁচজন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে ছয় হাজার হেক্টর জমির বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ২৫০ হেক্টর জমির সবজি, ৬০ হেক্টর জমির কলা ও ৫০ হেক্টর জমির পানসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার বাইন বলেন, ঝড়ে ২৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে সঞ্চালন তার ছিঁড়ে গেছে। নওয়াপাড়া ছাড়া উপজেলার সর্বত্র বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে আরও দু-তিন দিন লাগবে।
ঝিনাইদহ: সন্ধ্যায় আনুমানিক ৩০ মিনিটের ঝড়ে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলায় বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে কাঁচা ও টিনের বাড়ি ভেঙে পড়েছে। ঝড়ে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
খুলনা: রাত আটটার দিকে প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় খুলনা মহানগর। নগরের অনেক বিলবোর্ড গেছে ভেঙে। দোকান ও বাসাবাড়ির টিনের চাল উড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে নগরবাসী। অনেক এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায়ও বিদ্যুৎ আসেনি।
খুলনা আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। তা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ে। ঝড়টি চুয়াডাঙ্গা, যশোর নওয়াপাড়া হয়ে খুলনা মহানগরের ওপর দিয়ে বাগেরহাটের দিকে চলে যায়।
খুলনা সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির চেয়ারম্যান আমান উল্লাহ বলেন, রাতেই সড়কের ওপর পড়ে থাকা গাছ কেটে সড়কগুলো চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়। কাউন্সিলরদের নিজ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা জমা দিতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা: সন্ধ্যারাতের দিকে কালবৈশাখীতে ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক ঘরবাড়ি ভেঙে অনেকে গৃহহীন হয়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও তারের ওপর গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা, সবজি, তিল, মুগ, পেঁপে, পান, আম ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে দামুড়হুদা ও জীবননগর উপজেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী ২ হাজার ৬৪৬ হেক্টর বোরো ধান, ৩৯ হেক্টর সবজি, ১৮ হেক্টর পেঁপে, ৩০ হেক্টর পান, ৩০ হেক্টর তিল, ৫০ হেক্টর মুগখেত ও ৪৪০ হেক্টর আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ধান নুইয়ে পড়লেও তেমন ক্ষতি হবে না।
বাগেরহাট: রাত সোয়া আটটার দিকে শিলা ও বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যায়। এতে খুলনা-বাগেরহাট সড়ক, বিভিন্ন উপজেলা সড়ক ও শহরের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। ঝড়ে বিভিন্ন এলাকায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা পুরো জেলা বিদ্যুৎহীন ছিল। দুপুর ১২টার পর পৌর শহরের অধিকাংশ স্থান ও রামপাল উপজেলায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।