ঝড় ও শিলায় ঘরবাড়ি ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে গত মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নাটোরের সিংড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কুড়িগ্রামে দুই দিনে ঝড়, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ঝড়ের কবলে পড়ে আবদুল হামিদ (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে ছোট ধলহরাচন্দ্র গ্রামের জাফর মল্লিকের ছেলে।ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, আবদুল হামিদ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাইসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিল। সে পাইকপাড়া গ্রামের সেতুর ওপর পৌঁছালে ঝড়ের ঝাপটায় সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে স্থানীয় পাঁচপাখিয়া মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): মঙ্গলবার রাত নয়টার দিকে উল্লাপাড়া ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার গয়হাট্টা, জঙ্গলখামার, কয়ড়া, বাঙ্গলা, বাখুয়া, তেঁতুলিয়া ও রামকৃষ্ণপুর এলাকার অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শতাধিক গাছপালা উপড়ে পড়েছে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামান জানান, ঝড়ে পৌর শহরে ছয়টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বিদ্যুতের লাইনের অনেক তার ছিঁড়ে গেছে। মঙ্গলবার রাত থেকেই বিদ্যুতের কর্মীরা মেরামতকাজ শুরু করেছেন। ঝড়ে ওই সব এলাকার উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।নাটোর: কৃষি অফিস ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে আটটা থেকে সোয়া আটটা পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ও রামানন্দখাজুরা ইউনিয়নে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক জমির ধান ঝরে পড়েছে। রামানন্দখাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন বলেন, ‘আকস্মিক শিলাবৃষ্টিতে আমার ইউনিয়নের ভোগা, বসন্তপুর, কৈগ্রাম ও বেগুনবাড়ী গ্রামের মাঠে ফসলের বেশি ক্ষতি হয়েছে। ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার রুদ্ধ বলেন, শিলাবৃষ্টিতে আমার ইউনিয়নের সব কটি গ্রামের মাঠের ধানের ৫০ শতাংশ নষ্ট হয়ে গেছে।’কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত সোম-মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে বোরো ধান এবং পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জেলায় প্রায় সাড়ে ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঝড় ও শিলাবৃষ্টিতে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়।সরেজমিনে গত মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার ডাকুয়াপাড়া, বকশীপাড়া ও পূর্ব কল্যাণ গ্রামে গিয়ে দেখা গেছে, অসংখ্য খেতের পাকা বোরো ধান হেলে পড়েছে। শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ধান ও পাট। নাগেশ্বরী, উলিপুর, রাজারহাট উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।চিলমারীর থানাহাট ইউনিয়নের পুটিমারী, কাজলডাঙ্গা, হাটি থানা, ফকিরের ভিটা, রাজারভিটা, মাছবান্ধা ও চরপত্রখাতা গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়।ivbxগঞ্জ ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো কয়ারপাড়, ছোনবন, ডারার পাড়, কোদাল ধোয়ার পাড়, সড়কটারী, সোনার পাড়, ভাটিয়া পাড়া, চরুয়াপাড়া ও ময়নার খামার। চিলমারী উপজেলা নির্বাহী কর্তকর্তা এনামুল হক সাড়ে ৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।