ষাটের দশকে নির্মিত সেকেলে বেড়িবাঁধ দিয়ে চলছে কক্সবাজারের আটটি উপকূলীয় উপজেলার ২৫ লাখ মানুষের জানমাল রক্ষার কাজ। বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোটি কোটি টাকা খরচ করে এসব বাঁধ নির্মাণ ও সংস্কার করলেও জোয়ারের পানিতে এসব তলিয়ে যাচ্ছে। বেড়িবাঁধগুলোর উচ্চতা তিন থেকে ছয় ফুট হওয়ায় জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে। এতে প্রায় ১০ লাখ মানুষ ঝুঁকির মুখে বাস করছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, জেলায় বর্তমানে বেড়িবাঁধ রয়েছে ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে সম্পূর্ণ বিলীন অবস্থায় রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৬০ কিলোমিটার। বাঁধগুলো ১৯৬৩ সালের আগে তৈরি করা। বাঁধের উচ্চতা সর্বোচ্চ ৬ দশমিক ৫ ফুট। কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা জোয়ারের পানির উচ্চতা যখন ছয়-সাত ফুট পর্যন্ত ওঠে, তখন বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। সব বাঁধের উচ্চতা আরও এক মিটার করে বাড়ানো গেলে লোকজন নিরাপদে থাকত। পাউবো সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উত্তাল অবস্থা দিন দিন বেড়ে চলেছে। বাড়ছে লঘুচাপ, নিম্নচাপসহ নানা দুর্যোগ। এতে উপকূল রক্ষা কঠিন হয়ে পড়ছে। গত বছর ৫০ কোটি টাকার বেশি খরচ করে ৪০ কিলোমিটার বাঁধ সংস্কার করা হয়। কিন্তু গত কয়েক দিনের সামুদ্রিক জলোচ্ছ্বাসে এসব বাঁধ বিলীন হয়ে গেছে। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, সেকেলে, নড়বড়ে বেড়িবাঁধ দিয়ে এখনো কুতুবদিয়ার প্রায় দেড় লাখ মানুষের জানমাল রক্ষার কাজ চলছে। তিনি বলেন, ‘১৯৯১ সালে ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপজেলার প্রায় ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়। এখন ওই ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে দেড় লাখ মানুষকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এখন পুরো দ্বীপের চারদিকে ৪০ কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় ১২ কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অন্য বাঁধগুলোর উচ্চতা তিন থেকে ছয় ফুট।’ উপজেলা চেয়ারম্যান আরও জানান, ১৯৬০ সালে এই উপজেলার আয়তন ছিল ৫৪ বর্গকিলোমিটার। আর এখন মাত্র ২৭ বর্গকিলোমিটার। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান জানান, গত বছর জানুয়ারি-মার্চে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম পাশে দেড় কিলোমিটারের বাঁধ নির্মাণ করা হয়। সম্প্রতি জোয়ারের ধাক্কায় এসব বাঁধ তলিয়ে গেছে। পাঁচটি গ্রামের পাঁচ শতাধিক বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি। ডুবে গেছে পাঁচ হাজার একরের বেশি জমির আমন ধান। টেকনাফের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, এবারের জলোচ্ছ্বাস স্মরণকালের সবচেয়ে বড় জলোচ্ছ্বাস। জোয়ারের উচ্চতা সাত থেকে আট ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়েছে। ফলে ছয়-সাত ফুটের বাঁধ কোনো কাজে আসছে না। আমাদের মহেশখালী প্রতিনিধি জানান, সম্প্রতি জলোচ্ছ্বাসে মাতারবাড়ি-ধলঘাটার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২০ কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় এলাকায় জোয়ার-ভাটা চলছে। আর পানিবন্দী হয়ে পড়েছে ছয় শতাধিক পরিবার। ধলঘাটা ইউপির চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, ‘এই এলাকার জনগণ সরকারি কোনো সাহায্য চায় না, শুধু এলাকা রক্ষাকারী টেকসই বেড়িবাঁধ হলেই চলবে।’ মাতারবাড়ি ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মাতারবাড়ির রাঙ্গাখালীর রাজঘাট, টিয়াকাটি ও হন্দার বিল এলাকার প্রায় তিন কিলোমিটার বাঁধ ভেঙে গিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।কক্সবাজার পাউবোর (উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প) উপসহকারী প্রকৌশলী মাসুদুর রাব্বি প্রথম আলোকে বলেন, ধলঘাটার ৭০ নম্বর পোল্ডারের সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৯ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানি কমলেই বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।