ঝড়-টর্নেডোয় ব্যাপক ক্ষতি
দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী ও টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার ভোররাত থেকে গতকাল বিকেল পর্যন্ত কালবৈশাখীতে অসংখ্য কাঁচা ঘরবাড়ি এবং গাছপালা ভেঙে পড়েছে। দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে ঝড়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ঝড়ের সময় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামে গতকাল বিকেলে টর্নেডোয় কয়েক শ বাড়িঘর ও হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। দিঘন গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রাজ্জাক জানান, ঝড়ে তাঁর দুটি লিচুবাগানের দুই শতাধিক গাছ ভেঙে পড়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার। গ্রামের আবদুল মান্নান জানান, তাঁর লিচুবাগানের ৪০টি গাছ উপড়ে গেছে। ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার বলেন, তাঁরও ৫০টি আম ও লিচুগাছ উপড়ে গেছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ধনঞ্জয় কুমার দাস জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্ষয়ক্ষতির বিবরণসহ একটি প্রতিবেদন তাঁর কার্যালয়ে জমা দিয়েছেন।শিবচর (মাদারীপুর): গতকাল বিকেল চারটার দিকে ঝড়ে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে ট্রলার ডুবে একজন মারা গেছে। উপজেলার চরজানাজাত ইউপি চেয়ারম্যান বজলু সরকার জানান, মাদবরচর হাট থেকে চরজানাজাতের খাসেরহাট যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এতে শাকিল মিনা (৯) নামের এক কিশোর ডুবে মারা যায়। শাকিল চরজানাজাতের রশিদ মোল্ল¬ারকান্দির ছালাম মিনার ছেলে।এ ছাড়া ঝড়ে চরজানাজাতের রশীদ মোল্লারকান্দি, মোজাফফর মোল্লারকান্দি, আদেল মোল্লারকান্দি, চানু বেপারিরকান্দি ও রহমান হাওলারকান্দি গ্রামের দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে ও ঘর বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছামাদ আকন, হাশমত হাওলাদার ও ইদ্রিস হাওলাদারকে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ইউএনও সাজ্জাদুল হাসান জানান, বুধবার রাতে ঝড়ে উপজেলার গোমস্তাপুর, চৌডালা, বোয়ালিয়া, নন্দীপুর ইউনিয়ন ও রহনপুর পৌর এলাকার চার শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু কাঁচা বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তবে বেশির ভাগ বাড়ির টিনের চালা উড়ে গেছে। আমবাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে। চৌডালা ইউনিয়নে দুজন আহত হয়েছে। গুরুদাসপুর (নাটোর): গতকাল বিকেল পাঁচটার দিকে মাত্র তিন মিনিট স্থায়ী টর্নেডোয় নাটোরের গুরুদাসপুর উপজেলার মুসিন্দা ইউনিয়নের মুসিন্দা মাধপাড়া, কান্দিপাড়া, চরপাড়া ও ঝিনাইগাড়ী গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। টর্নেডোর পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মুসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, প্রায় ৫০ জনের মতো আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগমারা (রাজশাহী): বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে ঝড়ে বাগমারা উপজেলার নরদাশ, মাদিলা, ফুলপুর, সাইধারা, বেনিপুর, শুভডাঙ্গা, মাড়িয়া, পিদ্দপাড়া, ঝিকড়া ও বাইগাছাসহ প্রায় ৪০টি গ্রামের চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চারটি গ্রামে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। পাটখেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে প্রায় অর্ধশত ঘরের টিনের চালা উড়ে গেছে। আহত হয়েছে ১০ জন। শেরপুর: শেরপুর পৌরসভাসহ সদর উপজেলার চরাঞ্চলের চরশেরপুর, কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী ও বেতমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও চালকলসহ তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ও বিপুলসংখ্যক গাছপালা উপড়ে পড়েছে। জেলা শহরের সজবরখিলা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জামালপুর-শেরপুর ৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি টাওয়ার ভেঙে পড়ায় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের সময় বজ্রপাতে, ঘরচাপায় এবং গাছের ডালপালার আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে যোগিনিমোরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও শাহেদ আলীর স্ত্রী রাবেয়া খাতুনকে (৫৫) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল সকালে ঝড়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়ন এবং গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চবিদ্যালয়ের একটি আধাপাকা ভবন ও তরফপুর মাদ্রাসার একটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষক খোরশেদ আলমসহ সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা শাখার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের টিনের চাল উড়ে গেছে। পাথরঘাটা ও হাটুভাঙ্গা বাজারের কমপক্ষে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানের চাল উড়ে ও দেয়াল ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।সখীপুর: গতকাল সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট চওনা, হতেয়া, বেড়বাড়ি, বড়চওনা, জিতাশ্বরী, বেলতলী, কালিয়া, সাড়াসিয়া, মাচিয়া, দামিয়া পাড়া, বিন্নাখৈরা, কীর্তনখোলা, কালিয়ান পাড়া ও শিরির চালাসহ ১৪টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর, বড়বল্লা, করাতকান্দি, ঘাঘরাজুর এবং পানিশ্বর ইউনিয়নের নাইলা, বিটঘর, শাখাইতি ও শোলাবাড়ী গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। এ সময় রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার সাত-আটটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং রসুলপুর মোড়ের শত বছরের পুরোনো বটগাছটি উপড়ে যায়। বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল দুপুর একটার দিকে ঝড়ে দুই শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত এবং কয়েক হাজার গাছ উপড়ে গেছে। বাঞ্ছারামপুর-ঢাকা সড়কে গাছ পড়ে প্রায় তিন ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। জামালপুর: সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী, চরপাড়া, চর যথার্থপুর, চান্দাপাড়া ও সুবর্ণচর এলাকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এ সময় ঘর ও গাছ চাপায় কমপক্ষে পক্ষে ১০ জন আহত হয়েছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়া ও নয়াগ্রামে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে।আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলায় পাঁচ শতাধিক কাঁচাঘর এবং অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। খনজোর-জয়সাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল সম্পূর্ণ উড়ে গেছে। [প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর অফিস এবং শেরপুর, জামালপুর, বাগমারা (রাজশাহী), গুরুদাসপুর (নাটোর), তারাগঞ্জ (রংপুর), নিকলী (কিশোরগঞ্জ), মির্জাপুর ও সখীপুর (টাঙ্গাইল), আত্রাই (নওগাঁ), সরাইল ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি]