ঝড় তাদের বসাল গাছের নিচে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আওনা এম মুহীয়্যুদ্দীন ভূঞা উচ্চবিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় আড়াই মাস আগে। সেগুলো সংস্কার করা হয়নি। এখন খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। রোদে-বৃষ্টিতে শিক্ষার্থীদের চরম কষ্ট করতে হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোল্লা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭৮০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কয়েক বছর ধরে শ্রেণিকক্ষের সংকট চলছে বিদ্যালয়টিতে। এ অবস্থায় গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিদ্যালয়ের দক্ষিণ পাশে টিন ও কাঠ দিয়ে দুটি কক্ষ নির্মাণ করে কর্তৃপক্ষ। ওই দুই কক্ষে ক্লাস করছিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১১৯ জন শিক্ষার্থী। কিন্তু গত ৫ মার্চ রাতে হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের কক্ষ দুটি বিধ্বস্ত হয়। আবার শ্রেণিকক্ষের সংকট দেখা দেয়। বাধ্য হয়ে গাছতলায় পাঠদান শুরু করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক রণজিৎ মণ্ডল বলেন, ‘বাধ্য হয়েই গাছতলায় পাঠদান করছি। প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল হলেও গত কয়েক বছরে এখানে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে আমাদের কঠিন সমস্যায় পড়তে হবে।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার বলে, ‘প্রতিদিনই রোদের তাপে পুড়তে হয়। বৃষ্টি হলেই ক্লাস বন্ধ থাকে। এতে আমাদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটছে।’ একই ক্লাসের শিক্ষার্থী মো. নোমান বলে, ‘খুব কষ্ট করে ক্লাস করতে হয়। এভাবে লেখাপড়ায় পিছিয়ে পড়ছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হক ফুয়াদ বলেন, ‘এমনিতেই শ্রেণিকক্ষের সংকট চলছিল। তার ওপর প্রাকৃতিক দুর্যোগ আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের বিপাকে ফেলেছে। অতি দ্রুত ব্যবস্থা না নিলে খুব সমস্যা দেখা দিতে পারে বিদ্যালয়ে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মাহমুদুল হাসান ভূঞা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা, এমনকি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। দেখি, তাঁরা কী করেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিষয়টি ইউএনওর মাধ্যমে উচ্চপর্যায়ে জানানো হয়েছে। সমস্যা সমাধানে প্রক্রিয়া করা হচ্ছে।

ইউএনও মো. শাকিল আহমেদ বলেন, শিগগিরই বিদ্যালয়টির সমস্যার সমাধান করা হবে।