ঝড়-বজ্রপাতে ২০ জনের মৃত্যু
ভোলা, শেরপুর, জামালপুর, গোপালগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে গত রোববার ও গতকাল সোমবার কালবৈশাখী ও বজ্রপাতে চার শিক্ষার্থীসহ ২০ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ভোলার বোরহানউদ্দীন ও মনপুরা উপজেলায় ঝড়ের সময় ঘর চাপা পড়ে মারা গেছে দুই শিশুসহ চারজন। ঝড়ে ওই সব জেলায় বেশ কিছু ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: সন্ধ্যা সাতটায় আকস্মিক ঝড়ে ঘর চাপা পড়ে মারা যান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের শিবপুর বাথান বাড়ির মৃত সুলতান আহমেদের স্ত্রী হাসিনা বেগম (৪৫)। একই সময় গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামে বেড়াতে গিয়ে ঘর চাপা পড়ে মারা যান ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের মৃত সিরাজুল ইসলাম বেপারীর স্ত্রী আয়েশা খাতুন (৬৫)। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন প্রথম আলোকে জানান, হঠাৎ টর্নেডোতে উপজেলার অর্ধ-সহস্রাধিক কাঁচা-আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ৬০ জন আহত হয়। বিকেলে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের চার শতাধিক ঘর বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘর চাপা পড়ে মারা গেছে দক্ষিণ সাকুচিয়ার দুই নম্বর ওয়ার্ডের আকতার হোসেনের মেয়ে তহমিনা (৬) ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রাবেয়া (১২)। ঘর চাপায় আহত হয়েছে দুটি ইউনিয়নের অন্তত ৩৫ জন।নবাবগঞ্জ (ঢাকা): উপজেলার তিনটি ইউনিয়নে সকালে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের কৃষক স্বপন মজুমদার, শোল্লা ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষক গিয়াস উদ্দিন ও আলেয়া বেগম এবং নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার গ্রামের গৃহবধূ সোনা বানু।শেরপুর: জেলার নকলা উপজেলার ছত্রকোনা গ্রামে দুপুরে বজ্রপাতে মাদ্রাসার তিনজন শিক্ষার্থী মারা গেছে। তারা হলো নকলা সদর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের হাসমত আলীর ছেলে চান মিয়া (১০), রাজু মিয়ার ছেলে মো. মাসুদ (১০) এবং ডাকাতিয়াকান্দা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন (১৫)। তারা ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।জামালপুর: প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের কণা বেগম (৩৫) দুপুর দেড়টার দিকে ছেলের উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের প্রচণ্ড শব্দে কণা বেগম কানে আঙুল দিয়ে শরিফপুর ক্রসিংয়ে রেললাইনের ওপর বসে পড়েন। এ সময়ে জামালপুরমুখী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বকশিগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে দুপুরে বজ্রপাতে মারা যান চাঁন মিয়া (২২) ও তাঁর মামাতো ভাই মোরশেদুল হক (৩০)। গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়া উপজেলায় দুপুরে বজ্রপাতে নীহার ঢালী (২৫) ও সুজন গাইন (২৭) নামের দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় সকালে বজ্রপাতে সুজন মিয়া (২৭) ও দুলাল হোসেনের (২৬) মৃত্যু হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় বেলা ১১টার দিকে বজ্রপাতে মুন্নি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রামু (কক্সবাজার): উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী বারইয়াপাড়ায় গত রোববার রাত ১২টার দিকে বজ্রপাতে মারা যান মুজিবুর রহমান (২২)। নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার পেপার মিল এলাকায় গতকাল সকালে বজ্রপাতে মারা গেছে মিলন মিয়া (১১)। মিলন বানিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ফরিদপুর: রোববার রাতে ফরিদপুর শহর, শহরতলি ও আশপাশের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল শহর এলাকা। বরগুনা: বরগুনাসহ দক্ষিণ উপকূলে রোববার রাত থেকে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো বাতাসে ৩৩ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি হওয়ায় রোববার গভীর রাত থেকে বরগুনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।