ঝড়-বাতাসে ঝরে পড়া আমের ব্যবসা
ঝড়-বাতাসে ঝরে পড়া আম কুড়ানোর মজাই আলাদা। একসময় এসব আম নিজেদের বাড়িতে ব্যবহার বা উদ্বৃত্ত হলে প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হতো। বড়জোর স্থানীয় বাজারে বিক্রি হতো। মানুষ আচার তৈরি বা তরকারিতে ব্যবহারের জন্য কিনত।তবে গত কয়েক বছর থেকে ট্রাকভর্তি করে এসব আম যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। আমের বড় মোকাম শিবগঞ্জের কানসাট থেকেই প্রতিদিন ১০-১২টি ট্রাকভর্তি আম যাচ্ছে জেলার বাইরে। আর এসব আমের জোগানদাতা হচ্ছে মেয়েশিশু আমকুড়ানীরা। স্থানীয় ব্যবসায়ীরা তাদের কাছ থেকে আম কিনছে একেবারেই সস্তা দরে। মাত্র এক-দুই টাকা কেজি দরে। অথচ এসব আম ঢাকা, চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে। গত বৃহস্পতিবার শিবগঞ্জ থেকে কানসাটে ঢুকতেই চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে চোখে পড়বে আমের স্তূপ। চলছে বেচাকেনা। কানসাটের বেকির মোড়ের মহাসড়কের পাশে চতুর্থ শ্রেণীর ছাত্রী রানী ১০ কেজি আম বিক্রি করল মাত্র ১০ টাকায়। কানসাটের বাসমহল গ্রামের রানীর প্রতিবেশী গৃহবধূ ঝরনা খাতুনও বিক্রি করলেন এক টাকা কেজি দরে ২৭ কেজি আম। রানী জানায়, তার বাড়ির পাশেই বিরাট আমবাগান। সে একা এসব কুড়িয়েছে। এই আম বিক্রির টাকা দিয়ে সে আইসক্রিম ও চকলেট কিনে খাবে। ঝরনা খাতুন বলেন, ‘স্বামীকে সঙ্গে নিয়ে কুড়িয়েছি। মজাও পেয়েছি। দামটা বড় কথা নয়, যা পাচ্ছি তাই লাভ।’ আম ব্যবসায়ী বাসমহল গ্রামের সুমন আলী বলেন, প্রতিদিন ৫০ থেকে ৭০ মণ ঝরে পড়া আম ৭০-৮০ টাকা মণ দরে তিনি কেনেন। আর বিক্রি করেন ২০০-৩০০ টাকা মণ দরে। কেনাবেচার দরের ব্যবধান সম্পর্কে তিনি জানান, ছোটখাটো ফাটা ও দাগি আম একসঙ্গে কেনা হয়ে থাকে। কিন্তু বিক্রির সময় বাছাই করে বাদ দিতে হয়। কাঁচা আমের ব্যবসায়ী শাহাজাহান আলী জানান, তিনি ঢাকার শ্যামবাজার, যাত্রাবাড়ী, চট্টগ্রাম, সিলেট ও কুষ্টিয়ায় আম পাঠান। কানসাট থেকে প্রতিদিন ১০-১২ ট্রাক ঝরে পড়া আম যাচ্ছে বিভিন্ন জেলায়।