ঝড় শুরু হলেই পাটগ্রাম বিদ্যুৎহীন
লালমনিরহাটের পাটগ্রামে ঝড় বা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। একবার গেলে ছয় ঘণ্টা থেকে সাত দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ইনসুলেটর (যন্ত্রাংশ) পুরোনো হওয়ায় কয়েক যুগ ধরে এ সমস্যা বিরাজ করছে। এতে উপজেলার সাড়ে নয় হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে লালমনিরহাট জেলা সদর থেকে পাটগ্রাম উপজেলা পর্যন্ত ৯০ কিলোমিটারে ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার টানা হয়। সংস্কার না করায় বর্তমানে এ লাইনের ইনসুলেটরগুলো পুরোনো হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টি বা ঝড় শুরু হলেই এগুলো পুড়ে যায়। এগুলো খুঁজে বের করে মেরামত করতে অনেক সময় লেগে যায়। এতে কখনো কখনো ছয়-সাত দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।পাটগ্রাম পৌরসভার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যায়। কিন্তু বিদ্যুৎ কখন আসবে, তার ঠিক নাই। সন্ধ্যায় একটু বাতাস হলে রাতে আর বিদ্যুৎ আসে না।’পাটগ্রাম উপজেলা শহরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার বিদ্যুৎ না থাকায় তাঁর ব্যবসার ক্ষতি হয়েছে। আবার বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজের কারণে তাঁর প্রতিষ্ঠানের বৈদ্যুতিক যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে।পিডিবির পাটগ্রাম কার্যালয় সূত্রে আরও জানা গেছে, পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় প্রতিদিন দিনের বেলা বিদ্যুতের চাহিদা সাড়ে তিন মেগাওয়াট ও রাতে সাড়ে চার মেগাওয়াট। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝেমধ্যে সরবরাহ ব্যাহত হয়।পিডিবির পাটগ্রাম কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মোকতার হোসেন বলেন, লালমনিরহাট সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাটগ্রাম পর্যন্ত ৩৩ কেভি সঞ্চালন লাইন টানা হয়েছে। যেসব টাওয়ারের মাধ্যমে সঞ্চালন লাইনটি নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোর ইনসুলেটর অনেক পুরোনো। তাই একটু বৃষ্টি বা বিদ্যুৎ চমকালে সেগুলো পুড়ে গিয়ে প্রধান সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়। এগুলো খুঁজে খুঁজে বের করে মেরামত করতে প্রায়ই অনেক সময় লেগে যায়। এতে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ সমস্যা দূর করার জন্য শিগগিরই এ লাইনের টাওয়ার ও ইনসুলেটর পরিবর্তনের কাজ শুরু হবে। এ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।