ঝড় হলেই বিদ্যুৎবিভ্রাট ধুঁকছেন ১৫ হাজার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ঝড় বা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। একবার গেলে দুই থেকে সাত দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ইনসুলেটর পুরোনো হওয়ায় কয়েক যুগ ধরে এ সমস্যা বিরাজ করছে। এতে উপজেলার ১৫ হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঝড় হওয়ায় বিদ্যুৎ চলে যায়। আসে চার দিন পর। এরপর দ্বিতীয় সপ্তাহে তিন দিন বিদ্যুৎ ছিল না। আর গত ২৩ এপ্রিল রাতে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ যায়, আসে ২৫ এপ্রিল বিকেলে। চলতি মাসেই উপজেলার ১৫ হাজার গ্রাহক ও প্রায় ২ হাজার ৪০০ সেচপাম্প মালিক বিদ্যুৎ পাননি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে লালমনিরহাট জেলা সদর থেকে পাটগ্রাম উপজেলা পর্যন্ত ৯০ কিলোমিটারে ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার টানানো হয়। সংস্কার না করায় বর্তমানে লাইনের ইনসুলেটরগুলো পুরোনো হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই এগুলো পুড়ে যায়।
পৌরবাজারের ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ঠিকমতো বিদ্যুৎ না থাকায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনিতেই ঘন ঘন লোডশেডিং, তার পরও যতক্ষণ বিদ্যুৎ থাকে, তা যাওয়া-আসার মধ্যে লো-ভোল্টেজের কারণে বৈদ্যুতিক যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে। এর পরও ঝড় শুরু হলে বিদ্যুৎ কয়েক দিন না থাকায় তাঁদের ভীষণ সমস্যা হয়।
পাটগ্রাম দোয়ানী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের সাবস্টেশনের আওতায় পাটগ্রাম সদর. পানবাড়ি ও বাউরায় তিনটি ফিডার আছে। এই তিনটি ফিডারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা দিনের বেলা ১৫ মেগাওয়াট ও রাতে ১৭ মেগাওয়াট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝেমধ্যে সরবরাহ ব্যাহত হয়।
দোয়ানী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (আরই) আবু আসাদ প্রামাণিক বলেন, লালমনিরহাট থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাটগ্রাম ৩৩ কেভি সঞ্চালন লাইন। যে টাওয়ারের মাধ্যমে সঞ্চালন লাইনটি নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোর ইনসুলেটরগুলো অনেক পুরোনো। তাই একটু বৃষ্টি বা বিদ্যুৎ চমকালে সেগুলো পুড়ে গিয়ে প্রধান সঞ্চালন লাইন বন্ধ হয়ে পড়ে। এগুলো খুঁজে বের করে মেরামত করতে তিন থেকে সাত দিন পর্যন্ত লেগে যায়। এ সমস্যা সমাধানের জন্য লাইনের পোল (খুঁটি) ও ইনসুলেটর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।