ঝড়বৃষ্টি হতে পারে আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় উপড়ে গেছে গাছ। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
ঝড়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় উপড়ে গেছে গাছ। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

রাজধানী ঢাকার ওপর দিয়ে গতকাল সোমবার রাত ১১টার দিকে ঝড় বয়ে গেছে। সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।

কেবল ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ঝড় ও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। ঢাকার পাশের জেলা টাঙ্গাইলে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ ও আগামীকাল বুধবারও বৃষ্টি থাকবে। পশ্চিমা লঘুচাপের কারণে বারবার বৃষ্টি হচ্ছে।