ঝড়বৃষ্টিতে আশ্রয়হীন হলো বিলুপ্তপ্রায় গন্ধগোকুলটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার হওয়া গন্ধগোকুলটি
উদ্ধার হওয়া গন্ধগোকুলটি

বুধবার রাতে কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টি। এমন পরিস্থিতিতে নিজের আশ্রয় থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি গন্ধগোকুল। পাখিরগ্রাম খ্যাত চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
বিলুপ্তপ্রায় প্রজাতির এ প্রাণীটির আশ্রয় হয়েছে পাখিরগ্রামের প্রধান উদ্যোক্তা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদের বাড়িতে। সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বখতিয়ার বলেন, বুধবার রাতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজে অসুস্থ গন্ধগোকুলটি লোকালয়ে চলে আসে। স্কুলছাত্র নাজিম উদ্দিন (১৩) ও তার চাচা ইয়ামিন হোসেন (৩০) সেটিকে ধরে তাঁর কাছে নিয়ে আসেন। সেই থেকে তাঁর বাড়িতেই সেটি আছে।
গন্ধগোকুলটি প্রায় দুই ফুট দৈর্ঘ্যের। তার গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। এ কারণে প্রাণীটি স্থানীয়ভাবে বাঘডাশা হিসেবে পরিচিত। বাঘডাশা বা গন্ধগোকুল দেখতে গতকাল সকাল থেকেই গ্রামবাসী স্কুলশিক্ষক বখতিয়ারের বাড়িতে ভিড় করছে।
বখতিয়ার হামিদ বলেন, সুস্থ হওয়ার পর গন্ধগোকুলটিকে যে এলাকা থেকে ধরা হয়েছিল, সেখানকার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বেলগাছি গ্রামটি স্থানীয় যুবসমাজের উদ্যোগে এখন পাখিরগ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে সব ধরনের বন্য প্রাণী ও পাখি শিকার নিষেধ। গ্রামবাসী এ ব্যাপারে খুবই সচেতন। বহিরাগত কেউ শিকার করতে এলেও গ্রামবাসী সম্মিলিতভাবে তা প্রতিহত করে।