ঝড়ে আট শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ক্ষতি
শিলাবৃষ্টি ও ঝড়ে সোমবার ও গতকাল মঙ্গলবার দেশের কয়েকটি জায়গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানসহ আট শতাধিক ঘরবাড়ি। মারা গেছে শতাধিক গবাদিপশু। ঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় এখনো বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকার কয়েক হাজার গাছ ভেঙে ও উপড়ে গেছে। প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: বাউফল (পটুয়াখালী): জেলার বাউফল উপজেলায় সোমবার শিলাবৃষ্টি ও ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ঝড়ে পূর্ব খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসা ও মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসার কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মতিন বলেন, ভবন বিধ্বস্ত হওয়ায় গতকাল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো সম্ভব হয়নি।উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম ও কালাইয়া ইউপির চেয়ারম্যান মনির হোসেন মোল্লা জানান, ঝড়ে তাঁদের ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আড়াই শতাধিক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর হারিয়ে কয়েক হাজার মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে শতাধিক গবাদিপশু মারা গেছে। উপজেলা নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চান মিয়া জানান, ঝড়ে বন বিভাগের দুই সহস্রাধিক গাছ উপড়ে গেছে। এ ছাড়া এলাকার আরও কয়েক হাজার গাছ উপড়ে গেছে।কেশবপুর (যশোর): জেলার কেশবপুরে সোমবার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। ঝড়ের পর প্রায় ২৬ ঘণ্টা এলাকায় বিদ্যুৎ ছিল না। এখনো কিছু কিছু এলাকায় বিদ্যুৎ নেই। ঝড়ে প্রায় ৫০০ ঘর পড়ে গেছে। ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার ভোগতী দোরমুঠিয়া, মূলগ্রাম, সাবদিয়া, মজিদপুর, প্রতাপপুর গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলের মাঠের সব কাঁচা-আধাপাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে। উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের টিন গাছের সঙ্গে আটকে আছে। দোরমুঠিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয়টি কক্ষের টিন উপড়ে গিয়ে পার্শ্ববর্তী মাঠের মধ্যে পড়ে আছে। এখানে ষষ্ঠ শ্রেণীর ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস হয়নি। এ ছাড়া দোরমুঠিয়া দাখিল মাদ্রাসা, মূলগ্রাম আলিম মাদ্রাসা, বুড়িহাটি দাখিল মাদ্রাসার টিনের চালা উড়ে যাওয়ায় এসব জায়গায় কোনো ক্লাস হয়নি।উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস জানান, উপজেলার প্রায় পাঁচ হাজার ৫০০ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। ভোলা: সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদর এবং দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় জোয়ারের লোনা পানিতে তলিয়ে গেছে তিন হাজার ৫০০ হেক্টর জমির ফসল। পূর্ণিমার প্রভাবে উচ্চ জোয়ারে তলিয়ে যাওয়া এসব জমিতে এখন তরমুজ, বোরো ধান, সয়াবিন, বাদাম, মুগ, খেসারি, শাকসবজি, মরিচসহ বিভিন্ন ফসল রয়েছে।মদনপুর ইউনিয়নের কৃষক কাঞ্চন পণ্ডিত জানান, গত শনিবার লোনা পানি ওঠায় গত সোমবারের মধ্যে ধান লাল হয়ে উঠেছে। ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল জানান, লোনা পানি ওঠায় ফসলের ক্ষতি হচ্ছে। তবে বৃষ্টি হওয়ায় ক্ষতি কিছুটা কম হবে। ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাট উপজেলায় গতকাল মঙ্গলবার ঝড়ে অনেকের ঘরের চালা উড়ে গেছে এবং গাছপালা ভেঙে পড়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঝড়ে পাকা গম, কাঁচা আমের একটু ক্ষতি হলেও বৃষ্টির জন্য ধানের ক্ষতি হবে না।