ঝড়ে আড়াই হাজার ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের ওপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে তিন মিনিটের ঝড়ে পাঁচ গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শরীয়তপুরে একই দিন বিকেল ও সন্ধ্যায় ঝড়ে প্রায় এক হাজার কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় শতাধিক ব্যক্তি আহত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় তিন মিনিট স্থায়ী ঝড়। এতে পাঁচটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে যায় গাছপালা, বিদ্যুতের খুঁটি। মশিন্দা ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তিন টন চাল বিতরণ করেছেন। শিকারপাড়া গ্রামের আ. হালিম, মাঝপাড়া গ্রামের নজরুল, সিদ্দিক ও সেলিম জানান, ঝড়ে শুধু বসতবাড়ির ক্ষতি হয়নি, পাটখেতের চারাগুলোর আগা ভেঙে গেছে। মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক হিসাবে ঝড়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগ দিনমজুর। সরকারি সাহায্য ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই। বিদ্যুৎ বিভাগের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ঝড়ে দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে তিন হাজার ৬০০ ফুট তার ছিঁড়ে গেছে।শরীয়তপুর জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় গোসাইরহাট, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় এক হাজার কাঁচা ঘর বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গোসাইরহাটের আলালপুর ইউনিয়নের চরজালালপুর জুনিয়র হাইস্কুল ও জাজিরা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর দুটি বিধ্বস্ত হয়।জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে ত্রাণ তৎপরতা চালানো হবে।