ঝড়ে উপড়ে পড়া গাছ রাতারাতি লুটে নিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে বৈশাখী ঝড়ে উপড়ে পড়া বহু গাছ লোপাট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। একশ্রেণীর মানুষ ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব গাছ লুট করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাত নয়টার দিকে উপজেলায় প্রবল ঝড় হয়। তাতে উপড়ে পড়ে অসংখ্য গাছ। পুরোপুরি না ভাঙলেও নুইয়ে পড়ে বহু গাছ। আড়াআড়ি গাছ পড়ে অনেক সড়ক বন্ধও হয়ে      যায়। কিন্তু সকালে বাড়ি থেকে বের হয়ে এলাকাাসীর চক্ষু চরকগাছ।

তাঁরা জানান, দেখা যায় আগের রাতের ঝড়ে পড়ে যাওয়া গাছগুলোর চিহ্ন পর্যন্ত নেই। সব গাছ লোপাট। যেগুলো নুইয়ে পড়েছিল, সেগুলোও গোড়া থেকে কেটে নিয়ে গেছে কে বা কারা। কেউ কিছু বোঝার আগেই  রাতের অন্ধকারে উধাও হয়ে যায় এসব উপড়ে পড়া গাছ ও ডালপালা।        

উপজেলার ধাওয়াগীর গ্রামের মছির উদ্দিন বলেন, ‘আমার গ্রামের পাশের রাস্তার দুটি পুরোনো বড় গাছ উপড়ে পড়েছিল ঝড়ে। এ ছাড়া আরও অনেকগুলো ছোট ছোট গাছও পড়েছিল। তবে ঝড়ের পর সবাই যখন নিজেদের নিয়ে ব্যস্ত তখন সুযোগসন্ধানী আশপাশের লোকজন সেগুলো কেটে নিয়ে যায়।’

ছাতুয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘আমার এলাকার সড়কের পাশে লাগানো কিছু গাছ ঝড়ে হেলে পড়েছিল। যত্ন নিলে সেগুলো বাঁচানো সম্ভব ছিল। কিন্তু কিছু লোক সামান্য হেলে পড়া এসব গাছও কেটে নিয়ে গেছে।’

পিরব ইউপির চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘আমার ইউনিয়নে অনেক গাছ উপড়ে পড়লেও ঝড় থামার সঙ্গে সঙ্গে একশ্রেণীর মানুষ এগুলো কেটে নিয়ে যায়।’ 

সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের শিবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কতগুলো গাছ ঝড়ে উপড়ে পড়েছে বা ভেঙেছে তার হিসাব নেওয়া হচ্ছে। সব মিলে সংখ্যাটি কম হবে না।