পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের চাল ঝড়ে উড়ে গেছে বছর তিনেক আগে। এত দিনেও তা মেরামত না হওয়ায় এবং বেঞ্চের অভাবে ওই ঘরের মেঝেতে বসেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি কক্ষসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। আর আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেড়া পৌর এলাকায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত। সরেজমিন ঘুরে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সূত্রে জানা গছে, বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৩৫ জন। ২০০৭ সালের এপ্রিলে ঝড়ে বিদ্যালয়ের একটি ঘরের চাল উড়ে যায় এবং ঘরটি আংশিক বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে ওই ঘরে বিদ্যালয়ের অফিসকক্ষ ছাড়াও চারটি শ্রেণীকক্ষ ছিল। ঝড়ে ওই ঘরের কক্ষগুলোর মধ্যবর্তী বেড়াগুলো ভেঙে যাওয়ায় এটি এখন একটি কক্ষে পরিণত হয়েছে। বর্তমানে সেখানে একটি শ্রেণীর ক্লাস হচ্ছে। পাশের আরেকটি ঘরে রয়েছে পাঁচটি শ্রেণীকক্ষ। এই ঘরের একটি শ্রেণীকক্ষে বিদ্যালয়ের অফিস স্থানান্তর করা হয়েছে। ফলে বর্তমানে বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষ নয়টি থেকে কমে পাঁচটিতে দাঁড়িয়েছে। মাঝেমধ্যে এই শ্রেণীকক্ষগুলোর প্রতিটিতে একই সঙ্গে দুটি শ্রেণীর পাঠদান চালাতে হয় বলে বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন। বিদ্যালয়ের বেশ কিছু বেঞ্চ দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী তুষার ও লাবণী বলে, ‘রোদের জন্য কিলাসে আমাগরে খুবই কষ্ট হয়।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া নার্গিস বলেন, ‘বিদ্যালয়ের দিকে কর্তৃপক্ষ যথাযথ নজর দিচ্ছেন না। ঝড়ে বিধ্বস্ত ঘরটি মেরামতের জন্য আমি বিভিন্ন স্থানে ধরনা দিয়েও কোনো সাড়া পাচ্ছি না।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘বিদ্যালয়ের মূল ঘরটি ঝড়ে ভেঙে যাওয়ায় সেখানে পড়ালেখা ব্যাহত হচ্ছে। ভবনটির মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’