ঝড়ে উড়ে গেছে পোস্টার, মন খারাপ প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দিন ভোটারদের মনোযোগ কাড়তে আজ শনিবার বিকেলে প্রতিটি কেন্দ্রের সামনে নতুন করে পোস্টার সেঁটেছিলেন প্রার্থীরা। তাঁরা ভেবেছিলেন, এসব পোস্টার দেখে ভোটাররা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। কিন্তু রাতের হঠাত্ ঝড় আর বৃষ্টিতে উড়ে গেছে সব পোস্টার। যে কয়টা অবশিষ্ট ছিল, সেগুলোও ভিজে ছিঁড়ে গেছে। তাই মন খারাপ প্রার্থীদের।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ রাত নয়টা থেকে হঠাত্ করে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়-বৃষ্টি চলছিল। বৃষ্টির মধ্যেই সফিপুর আনসার একাডেমি কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, বিকেলে সাঁটানো নতুন পোস্টারগুলো ছিঁড়ে-ভিজে উড়ে গেছে। শুধু পড়ে আছে কিছু দড়ি। একই অবস্থা পাশের সফিপুর প্রাথমিক বিদ্যালয়, মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয় ও ভান্নারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেরও। প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো উপজেলারই একই অবস্থা।

কালিয়াকৈর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন সিকদার। তাঁর প্রতীক আনারস। কামাল উদ্দিন সিকদারের ছোট ভাই মোশাররফ সিকদার রাত ১০টায় প্রথম আলোকে জানান, নির্বাচনের আগের দিন শনিবার বিকেলে ১২৪টি কেন্দ্রের সবগুলোতে তাঁরা প্রায় ২০ হাজার পোস্টার সেঁটেছিলেন। কিন্তু ঝড়ে সব পোস্টারই নষ্ট হয়ে গেছে বলে তাঁরা খবর পেয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিমের নির্বাচনী প্রতীক মোটরসাইকেল। তাঁর বড় ভাই চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান প্রথম আলোকে জানান, ‘শনিবার বিকেলে যত পোস্টার লাগানো হয়েছিল সবই নষ্ট হয়ে গেছে।’

কালিয়াকৈরে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বিএনপির সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হেলালউদ্দিন। তাঁর নির্বাচনী প্রতীক দোয়াত-কলম। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ। তাঁর প্রতীক টেলিফোন। এই দুই প্রার্থী আজ খুব বেশি পোস্টার সাঁটাননি। তবে তাঁদের পুরোনো পোস্টারগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে।

কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার ভোটার মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঝড়ে সব পোস্টার উড়ে গেছে। এখন রশি ছাড়া কিছুই নেই।’ তিনি বলেন, ‘পোস্টার থাকলে নির্বাচনটা উত্সব উত্সব মনে হয়। সেটি হয়তো হবে না। তবে শেষ মুহূর্তের পোস্টার দিয়ে যে খুব বেশি কিছু হয়, তা-ও নয়। কারণ ভোটাররা কাকে ভোট দেবেন, আগেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কাজেই প্রার্থীদের মন খারাপ করার কিছু নেই।’