কয়েক দিন ধরে বই ছাড়া শুধু খাতা-কলম হাতে স্কুলে আসছে সাবিনা। স্কুলে সুযোগ পেলে সহপাঠীদের বই নিয়ে পড়ার চেষ্টা করে। তার নিজের বই কয়েক দিন আগের ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। এ চিত্র নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরতোরাব আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। গত ৩১ মের ঘূর্ণিঝড়ে সাবিনার মতো ওই বিদ্যালয়ের ১৪৯ শিক্ষার্থীর বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়; কারও কারও বই-খাতা ঝোড়ো বাতাসে উড়ে যায়। এ ছাড়া ক্ষতি হয় স্কুলটির আসবাব ও ভবনের।গত সোমবার দুপুরে ওই স্কুলে গিয়ে দেখা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অনেকের সামনেই পাঠ্যবই নেই। শুধু খাতা-কলম নিয়ে ক্লাস করছে তারা। শিক্ষকেরা জানান, তাঁদের স্কুলটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দ্বিতীয় তলায়। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অনেকে ওই সময় পাঠ্যবই, খাতা ও ছাতা নিয়ে ক্লাসে যাওয়ার জন্য অপেক্ষা করছিল এবং কিছু শিক্ষার্থী স্কুলে আসছিল। ঠিক তখনই প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় তাদের হাতে থাকা বই-খাতা ও ছাতা উড়িয়ে নিয়ে যায়। তৃতীয় শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন বলে, ‘তুপানের সময় স্কুলের নিচে খাড়াই আছিলাম। বাতাসে এক উড়ায় বই-খাতা ও ছাতা লই যায়। হরে টোয়াই আর হাইনি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন প্রথম আলোকে জানান, গাছের ডালপালা ভেঙে স্কুলের ১৫ জোড়া বেঞ্চ ভেঙে গেছে। পাঠ্যবই নষ্ট হওয়ায় ১৪৯ শিক্ষার্থীর দুই-তৃতীয়াংশ বর্তমানে নিয়মিত স্কুলে আসে না। কিছু শিক্ষার্থী পাঠ্যবই ছাড়া স্কুলে আসছে। কিন্তু তাদের কাছ থেকে দিনের পড়া আদায় করা যাচ্ছে না।সুবর্ণচর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদ আহম্মেদ প্রথম আলোকে জানান, তিনি স্কুলটি সরেজমিনে পরিদর্শন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছেন।