ঝড়ে উড়ে গেছে বিদ্যালয় গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে শ্রেণীকক্ষসহ বিদ্যালয়ঘরটি উড়ে যাওয়ায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের হলুদবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের মাঠে শামিয়ানা টানিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এদিকে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধপাকা ভবনের টিনের চালা ঝড়ে বিধ্বস্ত হওয়ার দুই মাসেও সংস্কার হয়নি। এতে আড়াই শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে গাছতলা ও খোলা আকাশের নিচে। তাই বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা দাবদাহে যেমন কষ্ট পাচ্ছে, তেমনি আকাশে মেঘ ধরলেই বিদ্যালয় ছুটি দিতে হচ্ছে।পাবনার হলুদবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন ধরে টিনের তৈরি পরিত্যক্ত একটি ভাঙাঘর ও আধপাকা একটি ঘরে শিক্ষার্থীদের পাঠদান করা হতো। ৯ জুন রাতের ঝড়ে আধপাকা ঘরটির ওপরের চালা উড়ে গেছে। এর ভেতরের অংশ বিধ্বস্ত হয়ে নষ্ট হয়ে গেছে পাঠদানের পরিবেশ। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দুটি ঘরের মধ্যে টিনের তৈরি ঘরটি ব্যবহারের অনুপযোগী। পাশে ইটের আধপাকা ঘরটির চালা উড়ে গিয়ে পাশের মাঠে পড়ে আছে। এর সামনে শামিয়ানা টানিয়ে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। প্রখর রোদের তাপে শিক্ষার্থীরা শামিয়ানার নিচে ছটফট করছে। নবম শ্রেণীর ছাত্রী নাসরিন আক্তার বলে, ‘স্কুলে ভর্তির পর থেকেই আমরা কষ্টে ক্লাস করছি। যহন ঘর ছিল, তহনও এক রুমে দুই শ্রেণীর ক্লাস হইচে। এহন ঘর ঝড়ে উড়ে যাওয়ায় রোদে পুড়ে ক্লাস করা লাগছে।’ প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ বলেন, ‘ঝড়ে ঘরটি উড়ে যাওয়ার পরের দিনই আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখনো ঘরটি মেরামতের জন্য কোনো বরাদ্দ পাইনি। ফলে বাধ্য হয়ে স্কুলমাঠে শামিয়ানা টানিয়ে ক্লাস নিতে হচ্ছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে তাদের জন্য বরাদ্দের ব্যবস্থা করতে পারিনি। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।’ রংপুরের পীরগাছার দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে স্থাপিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭৪ জন শিক্ষার্থী রয়েছে। গত ১২ এপ্রিল রাতে কালবৈশাখীর তাণ্ডবে আধপাকা ভবনটির টিনের চালা ও অবকাঠামো বিধ্বস্ত হয়। বর্তমানে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে। গতকাল সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অফিসকক্ষের চালা নেই। শিক্ষকেরা কষ্ট করে রোদের মধ্যে বসে আছেন। আর এভাবেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। উপজেলা শিক্ষা কর্মকর্তা উকিল চন্দ্র রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।