ঝড়ে উড়ে গেছে বিদ্যালয় পাঠদান গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়উচুড়া ইউনিয়নে কড়উচুড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হচ্ছে গাছতলায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের। গত ২৫ এপ্রিল রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি উড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এত দিনেও বিদ্যালয়টি পুনর্নির্মাণের জন্য কারও উদ্যোগ নেই।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে এলাকাবাসীর সহযোগিতায় ৫২ শতাংশ জমির ওপর বিদ্যালয়টির জন্য তিন কক্ষবিশিষ্ট একটি দোচালা টিনের ঘর নির্মাণ করা হয়। ১৯৯৪ সালে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন করা হলেও অদ্যাবধি প্রতিষ্ঠানটি সরকারিভাবে কোনো অনুদান পায়নি। বিদ্যালয়টিতে ২৪৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন। সংস্কার না করায় বিদ্যালয়টির চাল ও বেড়ার নানা জায়গায় ছিল অসংখ্য ছিদ্র। একটু বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ায় ২০০৩ সালে দোচালা ঘরটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তার পরও শিক্ষার্থীরা ওই ঘরেই ক্লাস করতে থাকে।গত শনিবার দুপুরে বিদ্যালয়ে গেলে পঞ্চম শ্রেণীর ছাত্র নূরনবী ও ছাত্রী হাসি বেগম বলে, বিদ্যালয়ের মাঠে ছোট্ট একটি গাছের নিচে সবার বসার জায়গা হয় না। এ ছাড়া অতিরিক্ত গরমে টেকা দায়। সে কারণে তারা হাজিরা দিয়ে চলে যায়।চতুর্থ শ্রেণীর ছাত্র বিপ্লব, আবু সাইম ও তোফায়েল বলে, একটু বৃষ্টি বা বাতাস হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে তাদের নিজ নিজ বাড়ির দিকে যেতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারদলীয় একজন সাংসদের সুপারিশে তাঁর আত্মীয়দের বিদ্যালয়ে একটি ভবনের জায়গায় তিন-চারটি করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ আমরা বহুবার চেষ্টা করেও এই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য অনুদান পাচ্ছি না। বর্তমানে ঘর নির্মাণেরও কোনো সংগতি নেই।’ এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরিভাবে বিদ্যালয়টি পুনর্নির্মাণের জন্য দাবি জানিয়েছেন।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল খালেক বলেন, ‘আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েও আজ পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি।’মাদারগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন বলেন, বিদ্যালয়টি পাঠদান অবস্থায় উড়ে গেলে হতাহতের ঘটনাও ঘটতে পারত। তিনি বলেন, ‘আমরা সরেজমিন তদন্ত করে বিদ্যালয়টি জরুরিভাবে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর একটি চিঠি পাঠিয়েছি।’মাদারগঞ্জ ইউএনও মো. শওকত আলী বলেন, ‘খুঁটিগুলো দুর্বল হওয়ায় অল্প বাতাসেই ঘরটি পড়ে গেছে। যদিও আমার করার কিছুই নেই, তবু আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি, যেভাবেই হোক বিদ্যালয়টি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করার জন্য।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আমার কাছে কোনো তহবিল নেই। তবে আমি শিগগিরই ঘরটি পুনর্নির্মাণের চেষ্টা করব।’