ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার রাতে ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। গতকাল বুধবার খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্র জানায়, ১৯৯১ সালে কালিয়াকৈরে জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৯৮ সালে বিদ্যালয় ভবনের পাঁচটি কক্ষের মধ্যে দুটির ছাদ ধসে পড়ে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর এক বছর স্থানীয় হালিম সিকদারের বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ভবনের ভাঙা ছাদের জায়গায় টিনের চাল দিয়ে সেখানে পুনরায় কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার রাতে ঝড়ে বিদ্যালয়টির সেই টিনের চালও উড়ে যায়। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, অফিসের বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাবও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সারা দেশের মতো ওই বিদ্যালয়েও প্রথম সাময়িক পরীক্ষা চলছে। গতকাল ছিল ইংরেজি পরীক্ষা। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসেই পরীক্ষা দেয়। খবর পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী হেনা আক্তার বলে, ঝড়ে স্কুলের টিনের চাল উড়ে গেছে, শ্রেণিকক্ষও ভিজে নষ্ট হয়ে গেছে। চালবিহীন শ্রেণিকক্ষে প্রচণ্ড রোদের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু পরীক্ষা চলাকালে বৃষ্টি নামলে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ বলেন, বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা তিন পালায় চলছে। কিন্তু রাতে ঝড়ে বিদ্যালয়ের টিনের চাল উড়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড রোদে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারলেও বৃষ্টি নামলে পরীক্ষা নেওয়া যাবে না। তবে এমন জরাজীর্ণ বিদ্যালয়ের একটি ভবনের জন্য কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসাইন বলেন, বৃষ্টি নামলে অন্য কোনো বাড়ি বা মসজিদে পরীক্ষার ব্যবস্থা করা হবে। দ্রুত বিদ্যালয়টি মেরামত করা না হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হবে। তবে বিদ্যালয়টির জন্য ছয়তলা ভিত্তির একটি ভবনের প্রস্তাব করা হয়েছে।
এদিকে কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার রাতে ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ১০টি গ্রামের ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই দিন রাত পৌনে নয়টার দিকে ঝড় শুরু হয়। এতে উপজেলার জালুয়ার ভিটি, ঠেঙ্গারবান্দ, ঠাকুরপাড়া, আমদাইর, লস্কর চালা, কালামপুর, বড়ইবাড়ীসহ কমপক্ষে ১০টি গ্রামের গাছপালা, পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে।