ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের চালা
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আধা পাকা টিনশেড ভবনের একাংশের চালা ৩ এপ্রিল রাতে ঝড়ে উড়ে গেছে। এখনো সেই চালা লাগানো হয়নি। এতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, চালা উড়ে যাওয়ায় দুটি শ্রেণিকক্ষে পাঠদানে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে ক্লাস বন্ধ করে দিতে হয়। আর রোদের সময় গরমে কষ্ট পান শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্র জানায়, সরকারি সিদ্ধান্তে ২০১৩ সালে বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়। পরে চালু করা হয় সপ্তম ও অষ্টম শ্রেণি। এর পর থেকে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় দুই কক্ষের একটি আধা পাকা ভবন নির্মাণ করা হয়। ৩ এপ্রিলের ঝড়ে ওই ভবনের একাংশের চালা উড়ে যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরে আলম জানান, বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত হয়ে গেছে। একটি জরাজীর্ণ। এ ছাড়া বিদ্যালয়ে দুই কক্ষের দুটি ও তিন কক্ষের একটি ভবন আছে।
কাজী নুরে আলম বলেন, যে দুটি কক্ষের চালা উড়ে গেছে সেখানে ক্লাস চালানো কঠিন হয়ে পড়েছে। রোদ-বৃষ্টির কারণে সেখানে ক্লাস বন্ধ করে দিতে হতে পারে। এতে শ্রেণিকক্ষ-সংকট আরও বাড়বে। তিনি জানান, শ্রেণিকক্ষের সংকটের বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি দেলোয়ার হোসেন জানান, বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ৯০০ জন। পাঠদানের জন্য শ্রেণিকক্ষ প্রয়োজন ১৩টি। আছে ১১টি। শ্রেণিকক্ষ-সংকটের কারণে বিদ্যালয়ে দুই পালায় পাঠদান করাতে হয়। তিনি জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ১১১ জন। শ্রেণিকক্ষের অভাবে একটি কক্ষেই তাদের গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, চালা উড়ে যাওয়া ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তিনি জানেন। তিনি জানান, বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ৩৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।