ঝড়ে এক শিশুর মৃত্যু, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঝড়ে গাছচাপায় ঘর ভেঙে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকটি উপজেলায় ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নিহত ওই শিশুর নাম সাব্বির হোসেন (১২)। সে পূর্ব পাটিকেলবাড়ি গ্রামের মসিউর রহমান মোল্লার ছেলে। সে স্থানীয় পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জজিল আহমেদ নিহত সাব্বিরের পরিবারের বরাত দিয়ে বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে ঝড় শুরু হলে বাড়ির একটি গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়। চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ঘুমন্ত সাব্বির।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে জেলার নেছারাবাদ, নাজিরপুর ও কাউখালী উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন এলাকার দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলায় রাত থেকে সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ছিল বজ্রপাত। জেলায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ রয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ আজ বেলা সাড়ে ১১টায় বলেন, ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি এখনো উপজেলা প্রশাসন থেকে তথ্য পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।